Image description

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা শুরু করেছেন মানুষ। কিন্তু সেই আনন্দযাত্রাই বিষাদে রূপ নিল রাজধানীর সদরঘাটে। দুই লঞ্চের মাঝখানে পড়ে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত দুই জন যাত্রী। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় ঈদযাত্রার ষষ্ঠ দিনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সদরঘাট ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পন্টুনের পাশে থাকা একটি বড় লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার কাজ চলছিল। এ সময় 'এম ভি জাকের-৩' নামক একটি লঞ্চ পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই লঞ্চের মাঝখানে ট্রলারটি আটকা পড়ে এবং সেখানে থাকা যাত্রীরা পিষ্ট হন। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর থেকে ওই এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লঞ্চের ধাক্কায় আরও অন্তত দুই জন যাত্রী পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ তল্লাশি চালাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত বা নিখোঁজদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

সদরঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এই সুযোগে অনেক লঞ্চ নির্ধারিত পন্টুনের বাইরে ট্রলার দিয়ে মাঝনদী থেকে বা পন্টুনের পাশ থেকে বিপজ্জনকভাবে যাত্রী তুলছিল। এই বিশৃঙ্খলাই প্রাণঘাতী দুর্ঘটনার কারণ বলে মনে করছেন সাধারণ যাত্রীরা।

নৌ-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর এম ভি জাকের-৩ লঞ্চটি জব্দ করার প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/আরআই