Image description

রাজধানীর উত্তরার দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মুক্তা আক্তার বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামের আব্দুল জলিলের মেয়ে। তিনি স্বামী লিমন হোসেনের সঙ্গে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় বসবাস করতেন। লিমন হোসেন একটি পোশাক কারখানার কর্মী।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা করতে সকালে ব্যাটারিচালিত রিকশায় করে মিরপুর পল্লবীর একটি মার্কেটে যাচ্ছিলেন মুক্তা। পথে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে একটি দ্রুতগামী প্রাইভেটকার থেকে ছিনতাইকারীরা মুক্তার হাতে থাকা ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় ও কপালে গুরুতর আঘাত পান।

স্বামী লিমন হোসেন জানান, ঘটনার পর পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসায় বিলম্ব হওয়ায় পরে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও ঢাকার পঙ্গু হাসপাতাল ঘুরে সর্বশেষ ঢামেক হাসপাতালে নেওয়া হয়। দুপুর ২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মাথায় ও কপালে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় তুরাগ থানা পুলিশ ছায়া তদন্ত শুরু করেছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মানবকণ্ঠ/ডিআর