ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ চারটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে উপ-পুলিশ কমিশনার আমীর খসরু স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই রদবদল নিশ্চিত করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির উত্তরা পশ্চিম থানার বর্তমান ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর।
অন্যদিকে, ডিএমপি লাইনওয়ারের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া লাইনওয়ারের অপর কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই বদলি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হলো। মূলত প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments