Image description

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত ও বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) বিকেলে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরার পর শাহ আলী থানা পুলিশের একটি দল তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, "মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে ঘিরে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। জুলাইয়ের ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।"

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল শিক্ষার্থী আর এস ফাহিমকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করছেন। আন্দোলন চলাকালে তার বিতর্কিত ভূমিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে তাকে সেখানে আটকে রাখা হয়।

উল্লেখ্য, এর আগে ‘মঞ্চ-২৪’ নামে একটি সংগঠন আর এস ফাহিমকে গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল। তাদের অভিযোগ ছিল, ফাহিম আওয়ামী লীগ সরকারের হয়ে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় উসকানিদাতা হিসেবে কাজ করেছেন। জুলাই বিপ্লবের বিপক্ষ অবস্থান নেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ বিরাজ করছিল। বর্তমানে তাকে থানায় রেখে আইনি প্রক্রিয়া অনুসরণের প্রস্তুতি চলছে।

মানবকণ্ঠ/আরআই