আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। কিউইদের এই সফরকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিশ্ছিদ্র ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “নিউজিল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কোনো আপস করব না। ভেন্যু, অনুশীলন মাঠ, আবাসনস্থল এবং যাতায়াতের রুটসহ প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে।”
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ডিএমপি জানিয়েছে, সফর চলাকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট (SWAT) টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ডবাই বা প্রস্তুত থাকবে।
সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ছক উপস্থাপন করেন। সভায় বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
এই গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় সশস্ত্র বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তর, উত্তর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি ও ওয়াসাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস.এন. মো. নজরুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments