Image description

রাজধানীর অভিজাত এলাকা বনানীতে একটি ১১ তলা ভবনের শীর্ষতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের ৪২ নম্বর বাড়িতে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম সূত্র জানায়, ওই ভবনের ১১তলায় একটি কাপড়ের গোডাউন রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১তলা ভবনের ওপরের তলায় আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয়। ফায়ার কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেছেন।

তবে ভবনটিতে কীভাবে আগুনের সূত্রপাত হলো কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মানবকণ্ঠ/আরআই