Image description

রাজধানীর মোহাম্মদপুরে আবারও সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। এবার অস্ত্রের মুখে সর্বস্ব হারিয়েছেন ‘জুলাই যাদুঘর’-এর ফটোগ্রাফার সাঈদ হাসান তানিম। বুধবার (১৫ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে নুরজাহান রোড এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা চাপাতি দেখিয়ে তাকে জিম্মি করে মোবাইল, দামী ল্যাপটপ ও ক্যামেরাসহ প্রায় ১০ লাখ টাকার সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী তানিম মোহাম্মদপুর থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার পূর্বাচল ৩০০ ফিট এলাকায় ‘জুলাই যাদুঘর’-এর একটি ফটোশুটের কাজ ছিল। কাজ শেষে রাত সাড়ে ৩টার দিকে একটি মাইক্রোবাসে করে তাকে বাসার সামনে নামিয়ে দেওয়া হয়। বাসার গেট খোলার জন্য অপেক্ষা করার সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার ওপর চড়াও হয়।

ঘটনার বর্ণনা দিয়ে তানিম বলেন, "ছিনতাইকারীরা চাপাতির উল্টো পাশ দিয়ে আমার হাত, মাথা ও শরীরে আঘাত করে। হত্যার হুমকি দিয়ে তারা আমার সাথে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়। ব্যাগে একটি ম্যাকবুক এম৪ প্রো ল্যাপটপ, সনি এফএক্স-৩ মডেলের ক্যামেরা এবং একটি দামী লেন্স ছিল। এছাড়া আমার মোবাইলটিও তারা নিয়ে গেছে।"

এদিকে, মোহাম্মদপুর এলাকায় একের পর এক এমন ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে। এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনও বিস্তারিত অবগত নন। তবে খোঁজ নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

মানবকণ্ঠ/আরআই