Image description

রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ এবং জাইমা রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ক্যাম্পাসে গোপন রাজনীতি ও জাইমা রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার মুখে মুসাদ্দিক ও জুবায়ের শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন। উত্তেজিত ছাত্রদল কর্মীরা থানার ভেতরে ঢুকে মুসাদ্দিকের ওপর হামলা চালায়।

বর্তমানে থানার ভেতরে ডাকসু নেতা মুসাদ্দিক ও এ বি জুবায়ের ছাড়াও শিবিরের প্যানেল থেকে ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করা আব্দুল্লাহ আল মাহমুদ এবং মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভি আটকা পড়েছেন। অন্যদিকে, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী থানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

উল্লেখ্য, এই ঘটনার নেপথ্যে গত বুধবারের একটি বিরোধ কাজ করছে বলে জানা গেছে। গত বুধবার ডাকসু নেতা মুসাদ্দিক অভিযোগ করেছিলেন যে, কলা ভবনের পেছনে ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন ও তার সহযোগীরা তাকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধরের চেষ্টা করেছেন। মুসাদ্দিক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, আলাউদ্দিন তাকে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকিও দিয়েছিলেন। সেই ঘটনার রেশ ধরেই আজ পুনরায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সচেষ্ট রয়েছে। থানার ভেতরে অবস্থানরত নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাইরে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

মানবকণ্ঠ/ডিআর