সাপ্তাহিক ছুটির দিন জুমার দিনে রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দামে বড় লাফ লক্ষ্য করা গেছে। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২৫-৩০ টাকা বেড়ে ২০০ টাকায় ঠেকেছে। অন্যদিকে, ডিমের দাম ডজনপ্রতি ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
শুক্রবার (১৫ মে) রাজধানীর রায়ের বাজার ও মোহাম্মদপুর টাউন হলসহ বিভিন্ন বাজার ঘুরে চড়া দামের এই চিত্র দেখা গেছে।
বাজারে আজ প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ১৭০ থেকে ১৭৫ টাকার মধ্যে ছিল। সোনালি মুরগির দাম কেজিতে ২০-৩০ টাকা বেড়ে বর্তমানে ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে দেশি মুরগির দাম; ক্রেতাকে প্রতি কেজি দেশি মুরগির জন্য গুনতে হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা।
রায়ের বাজারের মুরগি বিক্রেতা ফারুক হোসেন বলেন, "রোজার ঈদের পর দাম কিছুটা কমলেও এই সপ্তাহে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। আমরা বর্তমানে ২০০ টাকা কেজি দরে ব্রয়লার বিক্রি করছি।"
মোহাম্মদপুর টাউন হল মার্কেটের ব্যবসায়ী সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার ও শুক্রবার বিয়ে-শাদিসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বেশি থাকায় মুরগির চাহিদা বাড়ে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম কিছুটা বাড়তি।
মুরগির পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে ডিমের দাম। গত সপ্তাহে ১২০ টাকা ডজন বিক্রি হওয়া ডিম আজ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তবে সাইজ ও রঙভেদে দামে কিছুটা পার্থক্য দেখা গেছে। বড় সাইজের লাল (ব্রাউন) ডিম ১৬০ টাকা, সাধারণ মানের লাল ডিম ১৫০ টাকা এবং সাদা ডিম ১৪০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে।
ডিম বিক্রেতা ইমাম হোসেন জানান, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা পর্যায়েও এর প্রভাব পড়েছে। হঠাৎ করে ডজনে ২০ থেকে ৩০ টাকা বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বাজারে আসা ক্রেতারা বলছেন, নিত্যপণ্যের দামের এই লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। দ্রুত বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন তারা।




Comments