যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়র একবার বলেছিলেন, নৈতিক পথের বাঁক অনেক লম্বা, তবে শেষ পর্যন্ত সে পথ ন্যায়ের দিকেই যায়। তিনি বিশ্বাস করতেন, যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর সমান অধিকারের লড়াইয়ে বিজয় আসবেই এবং তার বিশ্ব াসই সঠিক প্রমাণিত হয়েছে।
চলতি সপ্তাহে ইসরাইল তাদের সর্বশেষ আক্রমণ চালিয়েছে জেনিন শরণার্থী ক্যাম্পে। এ আক্রমণে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন; পানি, বিদ্যুৎ, স্বাস্থ্য সুবিধা ও প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন অবস্থায় যে ফিলিস্তিনিরা পুরো এক শতাব্দী ধরে নিজেদের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছেন, তাদের সন্দেহ হতে পারে, নৈতিকতার পথ তাদের জন্যও কি ন্যায়ের দিকেই বাঁকবে?
জেনিন আক্রমণ চলমান শতাব্দীর জায়নবাদী-ইসরাইলি আগ্রাসনের এক পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি, যে আগ্রাসনে অসংখ্য ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন, আটক হয়েছেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আরব সংখ্যাগরিষ্ঠ ফিলিস্তিনের মাঝে ইহুদি রাষ্ট্রের জন্য জায়গা করে দিতে। চলতি বছরের শুরু থেকে ইসরাইলি সেনাবাহিনী এবং দখলদাররা ১৭০-এরও বেশি ফিলিস্তিনিকে খুন করেছে, যাদের মধ্যে প্রায় ৩০ জন শিশু। জাতিসংঘের নতুন তথ্য অনুযায়ী জায়নবাদের সর্বশেষ ঘাতবাহিনী ইহুদি দখলদাররা গত ছয় মাসে ফিলিস্তিনের গ্রাম ও শহরগুলোতে ৫৭০টি আক্রমণ চালিয়েছে, যার অর্থ দৈনিক গড়ে ৩টি আক্রমণ।
ফিলিস্তিনের পরিস্থিতি নিঃসন্দেহে ভয়াবহ, কিন্তু সাম্প্রতিককালে বিভিন্ন রাষ্ট্র ও বিভাগে অজস্র পরিবর্তন ইঙ্গিত দেয়, দুটি নির্দিষ্ট ক্ষেত্রে ফিলিস্তিনের সংগ্রামের ভিত্তি শক্ত হচ্ছে। জাতিসংঘের কূটনীতি এবং বৈশ্বিক পৌর কার্যক্রম আমাদের দেখিয়ে দিচ্ছে, বহু দশক ধরে যে জায়নবাদী ও পশ্চিমা ঔপনিবেশিকতা প্রায় বিনা প্রতিবন্ধকতায় ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন চালিয়ে এসেছে, আজকের পৃথিবীতে তাদের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থন ক্রমেই বাড়ছে।
পরিবর্তন ও আশার এক গভীর প্রতীকী চিহ্ন দেখা গেছে চলতি বছরের মে মাসে। জাতিসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি নাকবার (বিপর্যয়) ৭৫তম বার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করেছে। জায়নবাদের বহুল প্রত্যাশিত ইহুদি রাষ্ট্র ইসরাইলের জন্য জায়গা করে দিতে ১৯৪৭-৪৮ সালে ইসরাইল কর্তৃক জাতিগত নিধন এবং ৭ লাখ ৫০ হাজার ফিলিস্তিনিকে দেশ থেকে নির্বাসিত করার ঘটনাটি ফিলিস্তিনিদের কাছে ‘নাকবা’ নামে পরিচিত।
১৯৪৭ সালে ইউএনজিএ যখন ফিলিস্তিনকে আরব ও ইহুদি দুই ভিন্ন রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব পাস করে, তখন সেখানে ‘ফিলিস্তিন প্রশ্নের’ বিষয়টি এসেছিল সামান্যই, অত্যন্ত দায়সারাভাবে। তবে চলতি বছরের নাকবা দিবসে দায়সারা নয় বরং প্রাণবন্ত আলোচনা দেখা গেছে। অনেক ফিলিস্তিনি মনে করেন, ৭৫ বছর আগে ইনএনজিএর গৃহীত যে সিদ্ধান্ত ফিলিস্তিনিদের জাতীয় বিপর্যয়ে সূচনা করেছিল, আজ নাকবা দিবস পালনের মধ্য দিয়ে ইউএনজিএ পরোক্ষভাবে তার দায় স্বীকার করছে। এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ফিলিস্তিনিদের দৃষ্টিতে নাকবা দৈনন্দিন বাস্তবতা। চলতি সপ্তাহে ইসরাইলি সেনাবাহিনী জেনিনের ফিলিস্তিনি শরণার্থী শিবির থেকে হাজারো শরণার্থীকে উচ্ছেদ করার ঘটনায় ফিলিস্তিনিরা সেই বাস্তবতা আবারও প্রত্যক্ষ করেছে।
জায়নবাদীরা এবং যুক্তরাষ্ট্র ১৯৪৭-এর বিচ্ছেদ প্রস্তাবনার জন্য ব্যাপক দেনদরবার করেছিল এবং তারা সফল হয়েছিল। ৭৫ বছর পর নাকবা দিবস পালন প্রতিহত করার জন্য তারা আবারও ব্যাপক দেনদরবার করেছে, তবে এবার তারা পরাজিত হয়েছে অত্যন্ত শোচনীয়ভাবে। স্মরণসভায় মানবজাতির সংখ্যাগরিষ্ঠ অংশের প্রতিনিধিরা ইসরাইলের দখলদারি-ঔপনিবেশিক নীতির প্রতি নিন্দা প্রকাশ করেন এবং ফিলিস্তিনিদের জন্য নিরাপদ ও স্বাধীন রাষ্ট্রের দাবি জানান, যে দাবির মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয় ফিলিস্তিনি সংগ্রামের সমর্থনে অশ্রুতপূর্ব আন্তর্জাতিক সংহতি বিশেষ করে আইন, কূটনীতি, রাজনীতি, গণমাধ্যম ও শিক্ষা ক্ষেত্রে।
বিশ্ব জুড়ে বিশেষত ইসরাইলের দেনদরবার ও ভীতিপ্রদর্শনের কেন্দ্রস্থল বৈশ্বিক উত্তরে ফিলিস্তিনিরা এবং তাদের প্রগতিশীল মিত্ররা এখন নিয়মিতই জায়নবাদীদের চ্যালেঞ্জ জানাচ্ছে এবং পরাস্তও করছে। যুদ্ধটা হচ্ছে দ্বন্দ্বের নতুন ময়দানে : বিশ্ব বাসীর কাছে ফিলিস্তিনিদের নিজেদের সংগ্রামের কথা জানানোর অধিকার। ইসরাইল এবং তার মিত্ররা বিশ্ব জুড়ে ফিলিস্তিনের সমর্থনকে প্রতিহত করতে উঠেপড়ে লেগেছে। শুধু তাই নয়, ইসরাইলের নীতির সমালোচকদেরও কণ্ঠরোধ করার আপ্রাণ চেষ্টা করছে তারা-যে নীতিকে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বেৎসেলেমের মতো মানবাধিকার সংস্থাগুলো জাতিবিদ্বেষ হিসেবে চিহ্নিত করেছে।
চলমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে বর্জন, বিয়োগ ও নিষেধাজ্ঞা (বিডিএস) আন্দোলনের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের বৈধ অহিংস রাজনৈতিক আন্দোলন করার অধিকার। ফলে ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। কয়েক দশক আগে যে বৈশ্বিক বর্জন দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী জাতিবৈষম্য ব্যবস্থার অবসান ঘটিয়েছিল, বিডিএস আন্দোলন তারই প্রতিচ্ছবি।
জায়নবাদীরা এই তুলনা পছন্দ না করলেও একে থামাতে পারছে না। বহুদিন ধরেই প্রতিপক্ষদের কণ্ঠরোধের জন্য জায়নবাদীদের প্রিয় কৌশল ছিল, কেউ ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বললে বা ইসরাইলি নীতির সমালোচনা করলেই তাদের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের ধুয়া তুলে তাদের থামিয়ে দেওয়া। তবে এখন আর সেই কৌশলেও কোনো কাজ হচ্ছে না।
ফিলিস্তিনপন্থি সক্রিয়তা থামানোর চেষ্টায় ইসরাইল সব রাষ্ট্রীয় ও বেসরকারি প্রতিষ্ঠানকে ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেম্ব্রেন্স অ্যালায়েন্সের (আইএইচআরএ) দেওয়া ইহুদিবিদ্বেষের সংজ্ঞা গ্রহণ করার জন্য চাপ দিচ্ছে, যে সংজ্ঞায় ইসরাইলের সমালোচনাকেও অন্যায়ভাবে ইহুদিদের প্রতি ঘৃণার সমতুল্য হিসেবে দেখানো হয়। তবে আইএইচআরএ প্রদত্ত এই সংজ্ঞার প্রচারাভিযানও মুখ থুবড়ে পড়েছে। বিশ্ব জুড়ে বুদ্ধিজীবী গোষ্ঠী এই সংজ্ঞার প্রতিবাদ জানিয়েছে এবং শুধু তাই নয়, বিস্ময়করভাবে বাইডেন প্রশাসনও এই সংজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গত মে মাসের শেষের দিকে বাইডেন প্রশাসন ইহুদিবিদ্বেষ মোকাবিলার জন্য জাতীয় কৌশল প্রকাশ করেছে, তবে সেখানে আইএইচআরএ প্রদত্ত সংজ্ঞাকে একমাত্র সংজ্ঞা হিসেবে গ্রহণ করা হয়নি বরং বিভিন্ন সংজ্ঞার মাঝে অন্যতম হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিগত শতাব্দীতে জায়নবাদী-ইসরাইলি কার্যক্রম আইনিব্যবস্থা এবং জনসচেতনতামূলক প্রচারাভিযানের কাছ থেকে কখনোই এত ব্যাপক ও সফলভাবে প্রতিকূলতার সম্মুখীন হয়নি। এসব প্রচারাভিযান জায়নবাদের দখলদারি-ঔপনিবেশিক প্রকৃতি, ফিলিস্তিনের জাতিবৈষম্য এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাতকে বিশ্ব বাসীর চোখের সামনে তুলে ধরছে। আমেরিকান সিভিল লিবার্টিজ এবং সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটসের মতো ফিলিস্তিনিদের প্রগতিশীল মিত্র সংস্থাগুলো মার্কিন আদালতের বিডিএসবিরোধী আইনের বিরুদ্ধে মামলা করেছে এবং একের পর এক মামলায় জিতে চলেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য দেশে বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে জানতে চাওয়া হয়েছে, শান্তিপূর্ণ বর্জন কর্মসূচি কিংবা ইসরাইলের জাতিবৈষম্য নীতির সমালোচনাকে ইহুদিবিদ্বেষ হিসেবে আখ্যায়িত করা যায় কি না। বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর এসেছে ‘না’। তারা স্মরণ করিয়ে দিয়েছেন, রাজনৈতিক সমর্থন এবং সমালোচনা মতপ্রকাশের স্বাধীনতার সাংবিধানিক নিরাপত্তা দ্বারা সুরক্ষিত।
বিশ্ব জুড়ে শত শত গোষ্ঠী এখন ইসরাইলপন্থি ভীতিপ্রদর্শনের ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করছে, হিসাব রাখছে এবং চ্যালেঞ্জ জানাচ্ছে। এদের মধ্যে রয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থা : যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন লিগ্যাল এবং আদালাহ জাস্টিস প্রজেক্ট, যুক্তরাজ্যে মাকান এবং নেদারল্যান্ডসে ইউরোপিয়ান লিগ্যাল সাপোর্ট সেন্টার। ফিলিস্তিনপন্থি বক্তা বা কর্মচারীদের বরখাস্ত করার হাজারো প্রচেষ্টায় তাদের মোকদ্দমা এবং জনসংহতি সাড়া দিয়েছে। ফিলিস্তিন লিগ্যালের প্রতিবেদন বলছে, প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রে তারা ছাত্র ও শিক্ষকদের বহিষ্কার প্রচেষ্টার বিরুদ্ধে কাজ করেছে। ফিলিস্তিনের ইতিহাস এবং নাকবার স্মৃতি মুছে ফেলার ইসরাইলি প্রয়াসকেও প্রতিহত করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণা সংগঠন ফরেন্সিক আর্কিটেকচারের একটি উদ্যোগ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য। তারা ১৯৪৮ সালে তান্তুরা গ্রামে জায়নবাদী শক্তি কর্তৃক পরিচালিত গণহত্যার যাবতীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে।
বর্তমানে এমন সব গণমাধ্যমে ফিলিস্তিনের সংগ্রামের কথা তুলে ধরা হচ্ছে, অতীতে যেসব গণমাধ্যমে ফিলিস্তিনপন্থিদের কোনো কথা বলতে দেওয়া হতো না। ফিলিস্তিনি কণ্ঠস্বর এখন নিয়মিতই মার্কিন, কানাডিয়ান এবং ইউরোপিয়ান টিভি চ্যানেলগুলোতে ইসরাইল সরকার এবং ইসরাইলপন্থি অপপ্রচারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এক বছর আগে যখন ইসরাইলি দখলদার বাহিনী জেনিনে ফিলিস্তিনি-মার্কিন সাংবাদিক শিরীন আবু আক্লেহকে নৃশংসভাবে হত্যা করে, শীর্ষ সংবাদমাধ্যমগুলো তখন নিজেদের উদ্যোগে পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে হত্যার কারণ খুঁজে বের করে।
এদের মধ্যে রয়েছে দ্য নিউইয়র্ক টাইমস এবং দ্য ওয়াশিংটন পোস্ট, যাদের বিরুদ্ধে অতীতে ইসরাইলপন্থি পক্ষপাতিত্বের অভিযোগ ছিল। তাদের তদন্তের উপসংহারে উঠে আসে, ইসরাইলি স্নাইপারদের গুলিতেই খুন হন শিরীন। ফিলিস্তিনবিরোধী চাপের বিরুদ্ধে প্রতিটি ব্যক্তিগত পদক্ষেপও এখন সবার দৃষ্টি আকর্ষণ করে। চলতি বছরের শুরুর দিকে ইহুদি মার্কিন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর স্টিভ ফেল্ডম্যান যুক্তরাষ্ট্রের একটি রাষ্ট্রীয় বিশ্ব বিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সম্মানী পাওয়ার জন্য বিডিএসবিরোধী অঙ্গীকারে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। নিজের এই অস্বীকৃতি প্রকাশ্যে আনার পর তিনি জয়ী হন এবং প্রাপ্য সম্মানী ফিরে পান, সে সম্মানীর অর্থ তিনি বিডিএস-সমর্থক সংগঠন জুইশ ফর পিসের জন্য দান করেন।
যুক্তরাষ্ট্রের প্রাদেশিক এবং জাতীয় নির্বাচনে তরুণ প্রগতিশীল রাজনীতিবিদদের বিজয় ফিলিস্তিনিদের সংগ্রামকে আরও বেগবান করে তুলেছে। উদাহরণ হিসেবে কংগ্রেস সদস্য রাশিদা তালিব এবং ইলহান ওমরের কথা উল্লেখযোগ্য, যারা ইসরাইলের জাতিবৈষম্য ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রকাশ্য সমালোচনা করে থাকেন। নিঃসন্দেহে তারা সংখ্যায় অনেক কম, তবে সংখ্যাটা ক্রমেই বাড়ছে এবং তাদের প্রকাশ্য প্রতিবাদ ১৯৪৮ সাল থেকে ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের বিষয়ে মার্কিন জনসাধারণের মনোভাবের ধীর অথচ স্থির পরিবর্তনকে ত্বরান্বিত করছে।
অতীতে ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের ঢালাও সমর্থন থাকলেও বর্তমানে দুপক্ষের সমর্থন প্রায় সমান। গ্যালাপের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা বর্তমানে ইসরাইলিদের তুলনায় ফিলিস্তিনিদের প্রতি অধিক সহানুভূতিশীল (৩৮ শতাংশ বনাম ৪৯ শতাংশ)। এই ধারা চলমান থাকবে, কারণ তরুণ যুক্তরাষ্ট্রীয়রা, যাদের মধ্যে ইহুদিরাও রয়েছেন, বর্তমানে এই দ্বন্দ্বে আরও নিরপেক্ষ অবস্থানকে সমর্থন করেন।
কূটনীতি, নাগরিক সমাজ কার্যক্রম ও জনমতের ক্ষেত্রে ফিলিস্তিনের ন্যায়বিচারের জন্য বিশ্ব ব্যাপী সমর্থনের এই চলমান পরিবর্তন শেষ পর্যন্ত ইসরাইলকে তার বর্ণবাদী দখলদারি নীতি পরিবর্তনে বাধ্য করার জন্য যথেষ্ট চাপ তৈরি করবে এবং প্রকৃত শান্তি আলোচনার সূচনা করবে, যেখানে ইসরাইলি ও ফিলিস্তিনি উভয় জনগোষ্ঠীকেই সমান জাতীয় অধিকার ও নিরাপত্তা দেওয়া হবে। এই পরিণতিতে পৌঁছাতে সময় লাগবে, যেমন লেগেছিল দক্ষিণ আফ্রিকায়। তবে বরাবরের মতো এবারও নৈতিকতার পথ ন্যায়ের দিকেই বাঁক নেবে।
আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের বৈশ্বিক যোগাযোগ-বিষয়ক পরিচালক। আলজাজিরায় প্রকাশিত এ লেখাটি সময়ের আলোর জন্য অনুবাদ করেছেন রূপম আদিত্য

