দরজায় কড়া নাড়তে শুরু করেছে ঈদ। মুসলমানদের উৎসবের মধ্যে সর্ববৃহৎ হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। কর্মব্যস্ত, শ্রমজীবী, বিভিন্ন পেশাজীবী মানুষেরা ঈদকে কেন্দ্র করে পরিবার, আত্মীয়স্বজনদের সাথে মিলিত হয়। ঈদ আমাদের কাছে নব বার্তা নিয়ে আসে সাম্য-মৈত্রী ও প্রীতির শিক্ষাও থাকে। পরিবারের সদস্যরা অপেক্ষা করতে থাকে তাদের প্রিয় মানুষের জন্য।
ঈদ আসে ধনী-গরিব সবার মাঝে সমতা বিধান করার জন্য। উঁচু-নিচু ব্যবধান দূর করতে। ঈদের জামাতে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করার পর সবাই একে অপরের সাথে কোলাকুলি করে এবং এর ফলে পারস্পরিক সম্পর্ক আরো মজবুত হয়। পরিবার থেকে শুরু করে পাড়া মহল্লার প্রতিবেশী, আত্মীয়স্বজন সবার সাথে ভাবের আদান-প্রদান করার সুযোগ লাভ হয় এ ঈদের মাধ্যমে। একে অপরের খোঁজ খবর নেওয়া এবং ঈদের দিন মিষ্টান্ন পায়েস খাওয়ার মাধ্যমে নিজেদের মাঝে বন্ধন আরো দৃঢ় হয়।
ধনীদের জাকাত, ফেতরা যদি ঈদের আগেই সমাজের পিছিয়ে পড়া গরিব অভাবী লোকদের মাঝে বণ্টন করে দেওয়া যায় তাহলে তারাও পরিবারের সাথে সানন্দে ঈদ আয়োজনে যুক্ত হতে পারবে। পাশাপাশি তাদের সন্তানদের মুখে ঐদিন উন্নত খাবার তুলে দিতে সক্ষম হবে আর বায়না ধরা বাচ্চাদের গায়ে তুলে দিতে পারবে নতুন জামা। এর ফলে ওদের মুখে ফুটে উঠবে হাসির রেখা। এজন্য সমাজের বিত্তশালীদের উচিত নিম্নশ্রেণির লোকজনের প্রতি খেয়াল রাখা। আর এটা ঈদের শিক্ষাও বটে।
ঈদ খুশি ঈদ আনন্দের কিন্তু এই আনন্দ বেশি করতে গিয়ে দেখা যায় কারো জীবন নাশও হয়। যেমন ঈদের সময় অতি আতশবাজি করতে গিয়ে আগুন লেগে বড় দুর্ঘটনার শিকার হতে হয়। আবার সারাদিন বড় বড় মাইকের উচ্চ শব্দ বাজিয়ে বৃদ্ধ ও শিশুদের ক্ষতি করে। কেননা এ উচ্চ মাত্রায় শব্দ দূষণের ফলে হার্টের রোগীদের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। এজন্য এ সকল কাজ হতে দূরে থাকা উচিত।
ঈদ পরবর্তী সময়ে সকলেই কমবেশি বিভিন্ন আকর্ষণীয় যায়গায় পরিবারসহ যায় কিন্তু ওসব যায়গায় থাকে প্রচুর ভিড় যার ফলে চুরি, ছিনতাই হয়ে থাকে এজন্য বাড়তি সতর্ক থাকবে হবে।
ঈদের সময়ে দেখা যায় শহর হতে আগত বাচ্চারা ঠিকমতো সাঁতার জানা না থাকার ফলে গ্রামের পুকুরে কিংবা ডোবায় পড়ে গিয়ে মারা যায়। এজন্য ঈদের সময় ছোট্ট সোনামনিদের চোখের আড়াল হতে না দেওয়া। নইলে আনন্দ বিষাদে রূপ নিবে।
আরো একটা বিষয় রয়েছে তা হলো- ঈদের সময় বিভিন্ন যায়গায় যাওয়া আসা করার ফলে সেসব যায়গায় বিভিন্ন খাবারের প্যাকেট ফেলে পরিবেশ দূষণ করা হয়ে থাকে এজন্য নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করলে পরিবেশ সুন্দর থাকবে। কেননা পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব সবার।
ঈদে ধনীরা যাকাত হিসেবে কাপড় শাড়ি, লুঙ্গি দিয়ে থাকে এবং তা আনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং এর ফলে মহিলা, পুরুষদের অনেক কষ্ট হয়। যদি বৃত্তবানরা তাদের সবার ঠিকানায় এই জিনিসপত্র পৌঁছিয়ে দেয় তবে তাদের এই কষ্ট হতে রক্ষা পাবে। যেহেতু তারাও মানুষ এবং যদি তাদেরকে দীর্ঘমেয়াদি সহযোগিতা করা সম্ভব হয় তাহলে তাদের বেশি কল্যাণকর হবে। যেমন সেলাইমেশিন, রিকশা এ জাতীয়। এর ফলে তারা স্বাবলম্বী হবে। এটাই ঈদের খুশি বয়ে আনবে।
বিভিন্ন কল-কারখানায় নিয়োজিত শ্রমজীবী মানুষের বেতন-ভাতা যদি ঈদের আগে দেওয়া যায় তবে এটা তাদের জন্য বিরাট উপকার হবে। মালিকদের এই বিষয়টি মাথায় রাখতে হবে। ঈদে তরুণ প্রজন্মের একটি বড় অংশ প্রযুক্তির সাথে যুক্ত হবে আগত পোলাপান মিলে বিভিন্ন গেমস খেলে এবং জুয়াও থাকে এগুলোর ফলে পরিবারের লোকজনকে বেশি সময় নিতে পারে না, এটা হতে বের হওয়ার জন্য পরামর্শ দিতে হবে বড়দের। কেননা দিনশেষে পরিবারই আপনজন। সবার ঈদ হোক সুন্দর ও অনাবিল এবং কল্যাণকর; এটাই চাওয়া।
লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
মানবকণ্ঠ/এফআই

