কৃষিপ্রধান বাংলাদেশের জন্য বর্ষা একটি অতি প্রয়োজনীয় ঋতু। প্রতিবছর বর্ষা রুক্ষ প্রকৃতিকে সরস, সজীব এবং শস্য-শ্যামল করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে। বলা বাহুল্য, বৃষ্টির দিনে দেশের চারদিকে এক মোহনীয় পরিবেশ সৃষ্টির মহোৎসব চলে।
কিন্তু একবিংশ শতাব্দীতে বিপুল জনসংখ্যা ও বিশ্বব্যাপী পরিবেশ সংকটের প্রভাবে বর্ষাকালের ভারি বর্ষণের কারণে শহর, গ্রাম ও পার্বত্য অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে তুলছে। কেননা প্রতিবছর এই মৌসুমে দেশের হাজার-হাজার মানুষ বিভিন্নভাবে বন্যা ও জলাবদ্ধতা, নদীভাঙন, বজ্রপাত এবং পাহাড় ধসসহ প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে।
সম্প্রতি, দেশে প্রাকৃতিক পরিবেশের সংকটের কারণে বর্ষাকালে অতি বর্ষণের মাত্রা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ফলে এ মৌসুমে মানুষের জীবন, সম্পদ এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বর্ষাকালে নগরের সকল মানুষকে দুর্বিষহ ভোগান্তি পোহাতে হচ্ছে। কেননা জলোচ্ছ্বাস ও অস্বাভাবিক পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ তৈরি এবং নিয়মিত নালা-নর্দমা পরিষ্কারের কার্যকরী উদ্যোগ না থাকায় অনেক শহরাঞ্চলের রাস্তাগুলোতে বর্ষাকালে নিত্যদিন তীব্র জলাবদ্ধতা দৃশ্যমান। ফলে বিপর্যস্ত হয়ে পড়ে নগরের স্বাভাবিক জনজীবন, আর নোংরা পানির কারণে পরিবেশ চরমভাবে অস্বাস্থ্যকর হয়ে ওঠে। বিশেষ করে নগরের বস্তিবাসী এবং ছিন্নমূল মানুষের দুর্দশার অন্ত থাকে না বললেই চলে। পাশাপাশি গ্রামাঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির কারণে বিস্তীর্ণ নদী-নালা ও অসংখ্য খাল-বিল দিন দিন বিলীন হয়ে যাচ্ছে এবং নির্মাণ করা হচ্ছে অসংখ্য ঘরবাড়ি।
এছাড়া দেশে অপরিকল্পিত নগরায়ণ এবং যত্রতত্র সড়ক নির্মাণ করার ফলে প্রতিবছর বর্ষাকালে অতিবৃষ্টির প্রভাবে ভয়াবহ বন্যায় তলিয়ে যাচ্ছে হাজার-হাজার গ্রাম। যার দরুন এ মৌসুমে নদীর তীরবর্তী অসংখ্য গ্রামীণ জনগোষ্ঠী ভিটেমাটি হারিয়ে নিঃস্ব, অন্নহীন ও গৃহহীন হয়ে পড়ে।
লক্ষণীয়, প্রতিবছর গ্রামবাসীরা বর্ষাকালে দীর্ঘ সময়ের জন্য বন্যায় কবলিত হয়ে বিভিন্ন পানিবাহিত রোগ ও পুষ্টিহীনতার সম্মুখীন হন। পাশাপাশি দেশের হতদরিদ্র কৃষকের চাষকৃত ফসল ও শস্যক্ষেত বন্যার পানিতে নষ্ট হয়ে যায়। আবার বর্ষায় নদীভাঙনের ফলে দেশের নদীর তীরবর্তী হাজার-হাজার মানুষের ঘরবাড়ি, ধন-সম্পদ ও পৈত্রিক জমিজমা নদীগর্ভে বিলীন হয়ে যায়।
অন্যদিকে দীর্ঘ খরার পর, টানা বর্ষণের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উঁচু পাহাড়গুলোতে ব্যাপক ধস ঘটে থাকে। পাহাড় ধসের কারণে প্রতিবছর চট্টগ্রামের পার্বত্য জেলায় মানুষের প্রাণহানি ঘটছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারী বেশির ভাগ প্রান্তিক জনগোষ্ঠী হওয়ায় বর্ষার সময় মৃত্যুঝুঁকি জেনেও তারা মৃত্যুকূলে বাস করছে যুগ যুগ ধরে।
উল্লেখ্য বিগত কয়েকবছর ধরে বর্ষা মৌসুমে এদেশের জনগণ বজ্রপাতের কারণেও এক আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। কেননা প্রতিবছর বৃষ্টি-বজ্রপাতের কারণে অসংখ্য তাজা প্রাণ অকালে মৃত্যুবরণ করছে। তাই অপ্রিয় হলেও সত্য যে, পরিবেশ সংকট ও অতিবর্ষণের জন্য প্রকৃতির আশীর্বাদপূর্ণ বর্ষা ঋতু আমাদের জন্য সম্প্রতি হয়ে উঠেছে এক অভিসম্পাত।
বর্ষা মৌসুমে উন্নয়নশীল বাংলাদেশের হাজার-হাজার মানুষের মনে উৎকণ্ঠা ও জনদুর্ভোগ দেখে বর্তমান সরকার খুবই চিন্তিত। তাই জনগণের এই বিড়ম্বনাগুলো নিরসনের জন্য প্রতিবছর সরকার যথেষ্ট পদক্ষেপ গ্রহণ ও অর্থ বাজেট করে থাকে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, সেই বরাদ্দকৃত অর্থ অদৃশ্য হয়ে যায় এবং সরকারের গৃহীত পদক্ষেপের অগ্রগতিতে তেমন দৃশ্যমান হয় না। কারণ দেশের অধিকাংশ উন্নয়ন সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সাথে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধির মধ্যে পর্যাপ্ত সমন্বয় নেই। ফলশ্রুতিতে বর্তমানে দেশের অরক্ষিত রয়ে আছে উপকূলের অসংখ্য বেড়িবাঁধ, শহরাঞ্চলে পয়ঃনিষ্কাশনের পর্যাপ্ত সুব্যবস্থা নেই।
যার দরুন অধিকাংশ শহরের ড্রেনগুলো হয়েছে যেন আবর্জনার ভাগাড় এবং অচল হয়ে যাচ্ছে অনেক ড্রেনেজ সিস্টেম, নদী ভরাট হয়ে নাব্যতা হারাচ্ছে, ঝুঁকিপূর্ণ পাহাড়ে তেমন টেকসই রিটেইনিং ওয়াল নেই এবং দেশব্যাপী ব্যাপক পরিবেশ সংকট প্রশমনে নেই কোনো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ। ভাঙাচোরা খানাখন্দে বেহাল রাজধানীর প্রায় প্রতিটি সড়ক। নানা কাজের খোঁড়াখুঁড়িতে অনেক সড়ক দীর্ঘদিন যাবত চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। উন্নয়ন কাজের নামে সারাবছর ধরে চলতে থাকা এ খোঁড়াখুঁড়িতে নাজেহাল নগরবাসী। রাস্তা খুঁড়ে দীর্ঘদিন ধরে ফেলে রাখায় রোদ থাকলে ধুলায় বাতাস দূষিত হয় আর সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে রাস্তা একাকার হয়ে যায়। পানিবদ্ধতায় কোথাও কোথাও রাস্তা তলিয়ে যায়। তাতে খানাখন্দে যানবাহন পড়ে দুর্ঘটনা ঘটে। যানজট, ধূলি-দূষণে নগরবাসী এমনিতেই অতিষ্ঠ। এর মধ্যে দীর্ঘদিন ধরে চলা রাস্তা খোঁড়াখুঁড়ি এ যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।
সম্প্রতি রাজধানীতে হঠাৎ সামন্য বৃষ্টিতেই অনেক স্থানে কাদাপানিতে রাস্তার অবস্থা বেহাল হয়ে যায়। নগরবাসীকে পড়তে হয় চরম ভোগান্তিতে। সমন্বয়হীন অপরিকল্পিত এসব উন্নয়ন কর্মকাণ্ডের কারণে নগরবাসীর ভোগান্তি এখন চরমে পৌঁছেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা পরিপত্র অনুসরণ করা হচ্ছে না এসব কাজে। দুঃসহ এ ভোগান্তি থেকে পরিত্রাণে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি নগরবাসীর।
গত বর্ষায় রাজধানীর অনেক সড়ক ভেঙে বেহাল দশা হয়। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শাহজাহানপুর, বাসাবো, মাদারটেক, নন্দিপাড়া, বনশ্রী, মুগদাপাড়া, মায়া কানন ও মানিকনগরের অধিকাংশ সড়কে দীর্ঘদিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্রেনেজ ও সুয়ারেজ লাইনের উন্নয়ন কাজ চলছে। এতে এ সমস্ত এলাকার মূল সড়কসহ পাড়া মহল্লার রাস্তাও খোঁড়াখুঁড়িতে চলাচলের অযোগ্য। ভাঙাচোরা এসব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে কাদা-মাটি মিলে একাকার। রোদ উঠলে বাতাসে উড়ছে ধুলাবালি। এতে শিশু ও বৃদ্ধরা কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই। সড়কে কাদা পানিতে একাকার অবস্থা। অফিস আদালতগামী ও শিক্ষার্থীরা প্রতিদিন এ সড়কে ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে।
দেশের উৎকণ্ঠিত মানুষের জনদুর্ভোগসমূহ লাঘব করা এখন সময়ের দাবি। এক্ষেত্রে শহরের জলোচ্ছ্বাস নিরসনে বর্ষাকাল আসার পূর্বে সকল ড্রেন পরিপূর্ণভাবে পরিষ্কার করতে হবে এবং পর্যাপ্ত উন্নত ড্রেনেজ ব্যবস্থা তৈরি করতে হবে। তাছাড়া নগরের অস্বাভাবিক পানি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিতে হবে।
উল্লেখ্য, বিভিন্ন সেবা সংস্থার যত্রতত্র পাইপ লাইনগুলো শহরের পানি নিষ্কাশনে প্রায় সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই সকল সিটি কর্পোরেশনের উচিত সেবা সংস্থাগুলোর সাথে সমন্বয় করে পাইপ লাইনের যথাযথ স্থাপন নিশ্চিত করা। এছাড়া রাস্তার উপরে এবং ড্রেনের পাশে যেন আবর্জনার ভাগাড় সৃষ্টি না হয়, তা লক্ষ্য রাখতে হবে। শুধু তাই নয়, নগরের জলাবদ্ধতার ঝুঁকিপূর্ণ এলাকায় অপরিকল্পিত ভবন এবং সড়ক নির্মাণ রোধ করা আবশ্যক।
শহরের পাশাপাশি গ্রামে ভারি বর্ষণে সৃষ্ট বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। এছাড়া গ্রামের পানি সুষ্ঠুভাবে প্রবাহের জন্য নদী ও খালগুলো প্রতিবছর খনন করতে হবে। পাশাপাশি অবৈধভাবে নদী ও খাল দখলকারী স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে আইনিভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি। এছাড়া নদীভাঙন ঠেকাতে নদীর তীরবর্তী প্রচুর বৃক্ষরোপণ, সিমেন্ট ব্লক স্থাপন এবং মজবুত ঢালাই দিতে হবে। পাহাড় ধস নিরসনে সকল ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে টেকসই রিটেইনিং ওয়াল নির্মাণ করতে হবে। বজ্রপাত থেকে সুরক্ষার জন্য সারাদেশে প্রচুর পরিমাণে তালগাছ রোপণের উদ্যোগ নিতে হবে। একইসাথে শহর ও গ্রামে পর্যাপ্ত পরিমাণের বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করা উচিত।
সর্বোপরি বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যা ও জলোচ্ছ্বাস, পাহাড় ধস এবং নদীভাঙন এবং বজ্রপাতসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিত্রাণের জন্য দেশের স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ এবং তা যথাযথ বাস্তবায়ন করতে হবে।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট।
মানবকণ্ঠ/এফআই

