চট্টগ্রামে প্রতিনিয়ত স্বামীর মারধর, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা। পারিবারিক সহিংসতা, ধর্ষণ, হত্যা, যৌন নির্যাতনের মতো ঘটনায় হচ্ছে অহরহ মামলা। এ ছাড়া নারী নির্যাতনের নতুন পথ হচ্ছে সাইবার অপরাধ। শিক্ষিত-অশিক্ষিত সব নারীই এ ধরনের নির্যাতনের শিকার।
বেসরকারি সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশন (বিএইচআরএফ) সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। সংস্থার তথ্যমতে, ২০২২ সালেই চট্টগ্রামে নির্যাতনের শিকার হয়েছেন তিন হাজার ছয়শরও বেশি নারী। এই সময়ে মামলা হয়েছে তিন হাজার ৩৯৭টি। সে হিসেবে গড়ে প্রতি মাসে নির্যাতনের শিকার হচ্ছে ৩০০ নারী।
এদের মধ্যে ৫০ শতাংশ নারী শারীরিক, ৩০ শতাংশ মানসিক এবং ২০ শতাংশ যৌন নির্যাতনের শিকার। তথ্যে বলা হয়, গত দুই বছর ধরে চট্টগ্রামে নারী নির্যাতনের গতি বেড়েছে। করোনাকালীন সময়ে সবচেয়ে বেশি নারী নির্যাতনের শিকার হয়েছে।
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের তথ্যমতে, করোনা সংক্রমণ শুরুর পর থেকে চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ১৩ হাজার ৪৫৯টি মামলা হয়েছে। এর মধ্যে ২০১৯ সালে নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে ৩ হাজার ২৪৮টি। ২০২০ সালে মামলা হয়েছে ২ হাজার ৯৯৮টি। ২০২১ সালে মামলা হয়েছে ৩ হাজার ৪৯৫টি এবং ২০২২ সালে নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে ৩ হাজার ৩৯৭টি এবং চলতি বছরের জানুয়ারি মাসে মামলা হয়েছে ৩২১টি।
একই সঙ্গে মামলা নিষ্পত্তিতেও গতি বেড়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের। আগে একটি ট্রাইব্যুনাল থাকলেও বিচারিক কাজের গতি বাড়াতে সাতটি করা হয়েছে। গত চার বছরে অর্ধেকের বেশি মামলা নিষ্পত্তি হয়েছে বলে ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে।
বিএইচআরএফ সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হয়। এ ছাড়া গত ৩১ অক্টোবর মিরসরাইয়ে যৌতুকের জন্য নির্যাতন করে সাদিয়া আকতার নামের এক গৃহবধূ হত্যা করা হয়। এর আগে ২৭ অক্টোবর আনোয়ারার বৈরাগ ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরি মেরে পালিয়ে যায় দেবর।
এ ছাড়া চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়ায় শ্বশুরবাড়িতে চার বছর ধরে টর্চারসেলে যৌন নির্যাতনের শিকার হন জেসমিন আকতার জেরিন নামের এক গৃহবধূ। গত ৩ আগস্ট কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, স্থানীয় মহিলা কাউন্সিলর শাহিন আকতার রোজী ও হুরে আরা বিউটির সহযোগিতায় উদ্ধার করা হয় তাকে। ৬ ঘণ্টার বাকবিতণ্ডার পর দুই শিশুসন্তানসহ তাকে উদ্ধার করা হয়।
পরে গত ১১ আগস্ট সংবাদ সম্মেলন করে তিনি নির্যাতনের বীভৎসতা তুলে ধরেন গণমাধ্যমকর্মীদের সামনে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিয়ের পর থেকেই পাশবিক নির্যাতনের শিকার হয়ে আসছি। বিয়ের পর আমার স্বামী হাবিবের কাছে কয়েকশ বার নিপীড়নের শিকার হয়েছি।
জেরিন বলেন, ২০১৮ সাল থেকে বাসায় বেলকনির গ্রিল স্থায়ীভাবে ওয়েলডিং করে দেন। হাবিব আমার শয়ন কক্ষে ঢুকবার জন্য বেলকনির ছাদ ভেঙে নিচ থেকে ওঠার ও ছাদ দিয়ে পালানোর জন্য লোহার ২টি সিঁড়ি তৈরি করেন। যা ঢাকনা দিয়ে তৈরি করে। গভীর রাতে যখন তখন আমার শয়নকক্ষে শয্যাশায়ী থাকা অবস্থায় হাবিব ওই সিঁড়ি দিয়ে প্রবেশ করে আমাকে নির্যাতন করত।
নাম প্রকাশে অনিচ্ছুক যৌতুকের জন্য নির্যাতনের শিকার এক গৃহবধূ বলেন, নিজের পছন্দ মতো পরিবারের সম্মতিতে ধুমধাম করে বিয়ে হয়েছে আমাদের। প্রথম কয়েক মাস ভালোই চলছিল। কিন্তু এরপর থেকে শ্বশুরবাড়ি থেকে প্রেসার দেওয়া হয় বাপের বাড়ি থেকে এটা আনতে, ওটা আনতে। আমার বাবা এত কোটিপতি না যে, আপনাদের সব আবদার পূরণ করবে, এটা বলার পর থেকে আমার ওপর প্রতিদিন শারীরিক ও মানসিক নির্যাতন চালালো হচ্ছে।
শুধু বাইরের মানুষ বা শ্বশুড়বাড়ি থেকে নারীর নির্যাতনের শিকার হয়, তা কিন্তু নয়। অনেক সময় পরিবার থেকে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে এসব নারী। এসব ঘটনায় মামলার পর মামলা হলেও রায়ের দেখা পান না ভিকটিম। অনেক সময় ভিকটিমের আর্থ-সামাজিক প্রেক্ষাপটেও রায় পরিবর্তন হয়ে যায় বললে মনে করেন মানবাধিকার কর্মীরা।
এ বিষয়ে বিএইচআরএফের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, নারী নির্যাতন ও সহিংসতা রোধে আইন থাকলেও নেই তার ব্যবহার। আগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ছিল একটি। কিন্তু নারী নির্যাতনের হার বৃদ্ধি পাওয়ায় সেটা বেড়ে সাত হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনালে প্রতি বছর কয়েক হাজার মামলা হচ্ছে। কিন্তু এগুলো কি আদৌ মীমাংসা হচ্ছে, সঠিক রায় পাচ্ছে?
তিনি আরও বলেন, নারী সহিংসতার বেশিরভাগ মামলা হেরে যায়, তার কারণ কোন মামলায় কোন ধারা দেওয়া হবে সেটা না জানা। গত কয়েক বছর ধরে নারী নির্যাতনের নতুন পথ সাইবার অপরাধ হলেও এই আইনে মামলা হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় বিপরীত পক্ষের ভয়ে কুঁকড়ে নারীরা মুখ খুলে কথা বলতে ভয় পায়। ফলে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। এ সহিংসতা রোধের জন্য আইন ছাড়াও আমাদের প্রয়োজন নারীদের প্রতি সহনশীলতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি।

