শেরপুরে একটি হত্যাকাণ্ডে মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে হত্যায় জড়িত চারজনকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে তারা জানায়, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকায় তাদের ফাঁসাতেই হত্যা করে আপন চাচাকে। এমনকি ওই প্রতিবেশীদের নামে মামলার পর সাক্ষীর খাতায়ও নাম লেখান তারা। শুক্রবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
তিনি জানান, গত ২০ জানুয়ারি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রাম থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, নিহত ব্যক্তির নাম রফিক মিয়া (৫৫)। এ ঘটনায় ওই দিনই নিহতের ছেলে নবী হোসেন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সন্দেহভাজন হিসেবে দেখানো হয় রফিকদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধে থাকা প্রতিবেশী কুদরত আলী আঙ্গুর, মন্তু মিয়া, রুস্তমসহ ৯ জনকে। এ মামলার সাক্ষীও হয়েছিলেন খুন হওয়া রফিক মিয়ার ভাতিজা ওয়াসিম, জসিম, জিয়ার আলম ও ফয়সাল।
পুলিশ সুপার জানান, তদন্তের শুরুতেই পুলিশের সন্দেহ হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য ওই ভাতিজাদের আটক করা হয়। এ সময় ওই এলাকার রাজু মিয়া পুলিশের কাছে এসে ঘটনার বিষয়বস্তু খুলে বলে এবং ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। রাজু জানায়, ঘটনার দিন রাতে তাকে দিয়েই ভাতিজারা চাচা রফিককে বাড়ি থেকে ডেকে আনে।
পরে চাচা আর বাড়ি ফেরেনি। ভাতিজাদের নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আবারও এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, প্রতিবেশীদের ফাঁসাতেই ঘটনার দিন রাতে চাচাকে বাড়ি থেকে ডেকে এনে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করা হয়। পরে ঘাতক ভাতিজাদের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সারাদিন পুকুরে চারটি সেচ পাম্প বসিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়।

