বরিশাল সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন করা বিএনপির ১৯ প্রার্থীকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নির্বাচনে অংশ নেওয়া ১ মেয়র, সাধারণ কাউন্সিলর পদের ১৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদের ৩ প্রার্থীকে নোটিস দেওয়া হয়েছে বলে মহানগর বিএনপির দফতরের দায়িত্বে থাকা মো. জাহিদুর রহমান রিপন জানান।
প্রত্যেককে নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসপ্রাপ্তরা হলেন-বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির ৩ যুগ্ম আহ্বায়ক ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান টিপু, ৯ নম্বর ওয়ার্ডের মো. হারুন অর রশিদ ও ১৯ নম্বর ওয়ার্ডের অ্যাড. শাহ আমিনুল ইসলাম আমিন। এ ছাড়াও নির্বাচনে থাকা মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ৯ নম্বর ওয়ার্ডের সেলিম হাওলাদার, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড থেকে জাহানারা বেগম, ৮ নম্বর ওয়ার্ড থেকে সেলিনা বেগম এবং ১০ নম্বর ওয়ার্ড থেকে অংশ নেওয়া রাশিদা পারভীন। নোটিস পাওয়া অন্যরা হলেন-নগরীর ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিয়াউল হক মাসুম, একই ওয়ার্ডের প্রার্থী দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদি, একই ওয়ার্ডের প্রার্থী বরিশাল জেলা তাঁতী দলের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ শাহীন, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, নগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সভাপতি হাবিবুর রহমান ফারুক, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ হুমায়ন কবির লিংকু, ১৫ নম্বর ওয়ার্ড থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, ২২ নম্বর ওয়ার্ড মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন সামাদ, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মহানগরের সাবেক সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদউদ্দিন হাওলাদার, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির। বর্তমানে কোনো পদ-পদবি না থাকা ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সদস্য মেয়র পদের প্রার্থী কামরুল আহসান রূপণকেও নোটিস দেওয়া হয়েছে। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ জানান, রূপণ বিএনপির কেউ নয়।
নোটিসে উল্লেখ করা হয়েছে, গত ১৫ বছর ধরে অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপিসহ দেশপ্রেমিক জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়া ৫ বছর ধরে কারা ভোগ করছেন। হত্যা, নির্যাতনসহ বিএনপির ৫০ লাখ নেতাকর্মীদের মিথ্যা অভিযোগে মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করছে। অনেক নেতাকর্মী গুম রয়েছেন। এ অবস্থায় নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের সদস্য হয়ে ব্যক্তিস্বার্থ চিন্তা করে সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন। কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
চিঠি পাঠিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী। বরিশাল সিটির সাবেক মেয়র বিএনপি নেতা প্রয়াত আহসান হাবীব কামালের ছেলে কামরুল আহসান রূপণ বলেন, আমি বৃহস্পতিবার রাতে নোটিস পেয়েছি। বর্তমানে আমি গণসংযোগে ব্যস্ত। নোটিসের বিষয়ে আনুষ্ঠানিকভাবে পরে জানাব। নোটিস পাওয়া ১৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী জাবের আবদুল্লাহ সাদি বলেন, আমার তো দলে কোনো পদ নেই। এখন কি তা হলে সমর্থক পদ থেকে বহিষ্কার করবে?

