পিরোজপুরের মঠবাড়িয়ায় অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচড়া গ্রামে ওই মাদ্রাসা শিক্ষার্থীর পটুয়াখালীর এক ছেলের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। বুধবার দুপুরে কনের বাড়িতে খানাপিনারও ব্যবস্থা করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম তাৎক্ষণিক গ্রাম পুলিশ পাঠিয়ে বিয়ের আয়োজন বন্ধ করতে নির্দেশ দেন। এতেও কাজ না হওয়ায় পরবর্তীতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেয়। সেই সঙ্গে কনের মায়ের কাছ থেকে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দেওয়ার লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, ওই পরিবার যাতে আর বাল্যবিয়ের আয়োজন না করে, সে বিষয়ে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

