কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রেফাজুল ইসলাম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। একই ঘটনায় লালন মন্ডল (৫০) নামে স্থানীয় এক চা-বিক্রেতা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেফাজুল ইসলাম ওই এলাকার জামাত আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে রায়টা পাথরঘাটা এলাকার একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন রেফাজুল ইসলাম। এ সময় কয়েকজন অস্ত্রধারী এগিয়ে এসে তাঁকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই সময় দোকানে থাকা চা-বিক্রেতা লালন মন্ডলকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
আহত লালন মন্ডলের জামাতা অনিক জানান, ‘আমার শ্বশুর খুব গরিব মানুষ। এলাকায় চা বিক্রি করে জীবিকা চালান। ঘটনার সময় সে ছেলেকে আনতে যাচ্ছিলেন। তখন হঠাৎ দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে রাখে।’
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. একরামুল হক বলেন, ‘আহত লালন মন্ডলের মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর শরীরে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, ‘গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি পরিকল্পিত হত্যা। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

