রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশে সহকারী পরিচালক এডি মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ১,৪৫০ প্যাকেট (১৪৫ কার্টুন) ভারতীয় সিগারেট এবং ঢাকা মেট্রো-ন-১৫৯৩৮২ নম্বরের একটি মিনি ট্রাক পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘মারিশ্যা জোন অবৈধ চোরাচালান প্রতিরোধে বদ্ধপরিকর। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’

