গাজীপুরের কালিয়াকৈরে এক মাদ্রাসাছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ জুলহাস উদ্দিন তারেককে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (২১ নভেম্বর) গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত অধ্যক্ষ জুলহাস উদ্দিন চট্টগ্রামের খুলশী থানার লালখান বাজার এলাকার মৃত নুর নবীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ওই ছাত্রী ও তার ছোট ভাই মাদ্রাসায় পড়তে যায়। সকাল সাড়ে ৯টার দিকে অধ্যক্ষ জুলহাস টিফিনের ছুটি দেন। এসময় অন্য শিক্ষার্থীরা টিফিনে বাসায় গেলে, এই সুযোগে অধ্যক্ষ ওই ছাত্রীকে মাদ্রাসার পেছনের কক্ষে নিয়ে ধর্ষণ করেন।
বিষয়টি জানাজানি হলে ছাত্রীর বাবা ও স্থানীয়রা তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত জুলহাসকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. জুবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ধর্ষণের অভিযোগে মাদ্রাসার ওই শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

