সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বিভিন্ন হাট–বাজারে ভেজাল সার বিক্রির অভিযোগে হেলাল উদ্দিন (২৭) নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে ৫০ বস্তা ভেজাল জিপসাম সার জব্দ করা হয়, যা পরে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন অটোচালক হেলাল উদ্দিন বগুড়ার ধুনট থেকে ভেজাল সার আনে এবং বিভিন্ন বাজারে গোপনে বিক্রি করে। এতে প্রান্তিক কৃষকেরা প্রতারিত হচ্ছেন। এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৫০ বস্তা ভেজাল সার জব্দ এবং জরিমানা আদায় করা হয়। পরে হেলাল উদ্দিন ভবিষ্যতে ভেজাল সার বিক্রি না করার লিখিত মুচলেকা দেন।’
ইউএনও আরও জানান, ভেজাল সার মজুত ও বিক্রি রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

