ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে বালু ভরাটের গর্তে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু নদী (৭) মধু সরকারের মেয়ে এবং এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের তথ্যে জানা যায়, ওই গ্রামে আমিনুল ইসলাম শাহিন নামের এক ব্যক্তি পুকুরে বালু ভরাটের কাজ করছিলেন। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নদী প্রতিবেশী কয়েক শিশুর সঙ্গে কাজটি দেখতে যায়। একপর্যায়ে অসতর্কতাবশত সে বালুমিশ্রিত পানিতে পড়ে যায়।
স্থানীয় চুন্নু শিকদার নদীকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন। পরে তাকে মুমূর্ষ অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা মধু সরকার বলেন, ‘আমার মেয়েটা দুপুরে খেলতে বের হয়েছিল। ভাবিনি এমন দুর্ঘটনা আমাদের জীবনে নেমে আসবে। আমরা কয়েক বছর ধরে ভাড়া বাড়িতে থাকি এবং ভাঙারি ব্যবসা করি।’

