নাটোরের সিংড়ায় চলনবিল এলাকায় পাখি শিকারের অভিযোগে দুই পেশাদার শিকারিকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ১০৫টি বক পাখি উদ্ধার করে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির পরিবেশ কর্মীদের সহযোগিতায় অবমুক্ত করা হয়।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টায় চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের ইন্দ্রাসন গ্রামের পূর্ব মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পার্শ্ববর্তী তাড়াশ থানার পলাশী গ্রামের কবির প্রামানিক (৪৫) ও জান মাহমুদ (৩৫)। অভিযানে আটক শিকারিদের কাছ থেকে ‘কিল্লা ঘর’ নামে পাখি শিকারের বিশেষ ফাঁদ জব্দ করা হয়।
ইউএনও মাজহারুল ইসলাম জানান, ‘একই দিনে উপজেলার মাগুড়া ও ইটালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ফুট কারেন্ট জাল এবং পুঁটি মাছে বক শিকারের খাঁচা ফাঁদও জব্দ করা হয়েছে। এসব অভিযান থেকে বক, শালিকসহ বিভিন্ন প্রজাতির আরও ৪৯টি পাখি উদ্ধার করা হয়।’
পরে জব্দকৃত ১০৫টি বকসহ মোট ১৫৪টি পাখি ইন্দ্রাসন স্কুল মাঠ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবমুক্ত করা হয়। এসময় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান সহ চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আটক দুই পেশাদার শিকারিকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে কারাদণ্ড প্রদান করা হয়। তবে অভিযানে আটক দুই কিশোরকে পাখি শিকার করবে না মর্মে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ‘বর্ষার শেষে ও শীতের শুরুতে চলনবিলে ধান ক্ষেতে বিশেষ ভাবে তৈরি ‘কিল্লা ঘর’ ফাঁদ ও কারেন্ট জালে লোভী শিকারিরা পাখি শিকারে মেতে উঠে। এই বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘ এক যুগ ধরে তার সংগঠনের সদস্যরা কাজ করছেন।’

