হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার বামৈ, কাটিহারা ও কালাউক বাজারসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকেই কুকুরটি বিভিন্ন স্থানে পথচারীদের ওপর অতর্কিত হামলা চালাতে থাকে। এর কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ২০ জন আহত হন। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে স্থানীয় জনতা সম্মিলিতভাবে কুকুরটিকে ধরার উদ্যোগ নেন। একপর্যায়ে ধাওয়া করে বামৈ পশ্চিম গ্রাম এলাকায় স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেললে জনমনে স্বস্তি ফিরে আসে। আহতদের দ্রুত উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম শাকিল জানান, ‘হাসপাতাল থেকে ৯ জন আহত ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, ‘হাসপাতালে জলাতঙ্ক (Rabies) রোগের পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ থাকায় আহতদের তাৎক্ষণিকভাবে টিকা দেওয়া সম্ভব হয়েছে।’
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বামৈ গ্রামের মৃত মাস্টার মিয়ার ছেলে নাজিল মিয়া (৫০), মহিনুল (৮), শম্ভু সরকারের ছেলে সাগর সরকার (২৩), কানন সরকারের স্ত্রী শেফালী সরকার (২২), তামিম চৌধুরী (৭), হাবিবুর রহমান (৫৫), মারিয়া আক্তার (১৫), মাহিনুর (৮) ও মারজুল (৭)-এর নাম পাওয়া গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মেহেদী হাসান সুমন জানান, তার দোকানের কর্মচারীও কুকুরের কামড়ে আহত হয়েছেন। ভাদিকারা গ্রামের উবাইদুল ইসলাম টেনু জানান, তাদের গ্রামের একজন আহত হয়েছেন। এছাড়া সোহান নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান, তার ভাতিজা স্কুলে যাওয়ার পথে কুকুরটির আক্রমণের শিকার হয়।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার অজিত চন্দ্র দেবনাথ ও প্রধান সহকারী সুজিত চন্দ্র পাল জানান, হাসপাতালের গেটে তারাও কুকুরটির আক্রমণের মুখে পড়েছিলেন, তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

