কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে জনি নামের এক যুবককে প্রকাশ্য দিবালোকে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার একটি গোরস্তানের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জনি মহিষকুন্ডি জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জনি জামালপুরের মাঠে অবস্থান করছিলেন। এ সময় ৩০ থেকে ৪০ জনের একটি সন্ত্রাসী দল তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। আত্মরক্ষার্থে জনি তার হাতে থাকা পিস্তল দিয়ে পাল্টা গুলি ছুড়লেও শেষ রক্ষা হয়নি। একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার গোরস্তানের পাশে ধরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ‘বেলা দেড়টার দিকে প্রতিপক্ষের লোকজন জনিকে হত্যা করেছে।’
তিনি আরও জানান, জনির বিরুদ্ধে মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগ স্থানীয়ভাবে প্রচলিত ছিল। ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

