দিনাজপুরের খানসামা উপজেলায় সারের কৃত্রিম সংকট দেখিয়ে রাতের আঁধারে ডিলারের গুদাম থেকে খুচরা দোকানে সার পাচারের অভিযোগ উঠেছে। উপজেলার আংগাড়পাড়া ইউনিয়নের পাকেরহাট বাজারের ‘মেসার্স মহাদেব চন্দ্র চন্দ’-এর স্বত্বাধিকারী মহিতোষ চন্দ্রের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরকারি নির্দেশনা ও নিয়ম-নীতির তোয়াক্কা না করেই তিনি এই কার্যক্রম চালাচ্ছেন বলে দাবি স্থানীয়দের।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পাকেরহাটের বাইপাস সড়কে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী অনুসন্ধান চালানোর সময় সার পাচারের বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় তিনটি ভ্যানে করে ডিলারের গুদাম থেকে সার খুচরা দোকানে পাঠানো হচ্ছিল। সংবাদকর্মীরা ভ্যানগুলো আটক করে চালকদের কাছে সারের কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো সদুত্তর বা বৈধ কাগজ দেখাতে পারেননি। পরিস্থিতি বেগতিক দেখে ভ্যানচালকরা বিষয়টি ডিলার মহিতোষ চন্দ্রকে জানান।
অভিযোগ রয়েছে, খবর পেয়ে মহিতোষ চন্দ্র স্থানীয় কয়েকজন প্রভাবশালীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নিজের দোষ স্বীকার না করে উল্টো সাংবাদিকদের গালিগালাজ করেন এবং ভয়ভীতি দেখান। একপর্যায়ে হট্টগোলের সুযোগ নিয়ে কৌশলে সারবোঝাই ভ্যানগুলো নির্দিষ্ট খুচরা দোকানে সরিয়ে নেওয়া হয়।
এদিকে, সার না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা। আংগাড়পাড়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার কৃষক মশিউর রহমান বলেন, ‘প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত সার পাওয়া যাচ্ছে না। ডিলারের কাছে গেলে সার নেই বলে ফিরিয়ে দেওয়া হয়।’
একই ইউনিয়নের কৃষক নাজমুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘সার তুলতে গেলে পুরো একটা দিন সময় নষ্ট হয়। সকালে জমিতে সার দেওয়া জরুরি হলেও তা সম্ভব হচ্ছে না।’
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ‘আমরা “খামারি অ্যাপস”-এর মাধ্যমে কৃষকের তথ্য যাচাই করে সাধ্যমতো সার বিতরণ করছি। তবে কৃষকের চাহিদা অনুযায়ী সবসময় সার সরবরাহ করা সম্ভব হচ্ছে না।’
সার পাচারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, ‘কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিটি ডিলারকে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। খুচরা কোনো দোকানে সার বিক্রি করলে অবশ্যই রসিদ প্রদান করতে হবে। কোনো অবস্থাতেই নিয়মবহির্ভূতভাবে অন্যত্র সার পাচার করা যাবে না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

