মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি শটগান ও এক রাউন্ড কার্তুজসহ একজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম কে এম সোহেল রানা (৪৬)। তিনি সদর উপজেলার আমঘাটা গ্রামের দৌলত মাস্টারের ছেলে।
মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার রাত ৭টার দিকে চরডুমুরিয়ার আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে শটগানসহ সোহেল রানাকে আটক করা হয়। পরে তাকে নিয়ে মোল্লাকান্দির আশুরান এলাকায় রতন দেওয়ানের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে রতন দেওয়ান পালিয়ে যান। উদ্ধারকৃত শটগানটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে মুন্সীগঞ্জ সদর থানা থেকে লুট হয়েছিল বলে শনাক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১০ নভেম্বর মোল্লাকান্দি এলাকায় রাজনৈতিক সহিংসতায় গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হন। এরপর থেকেই ওই এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও আটক সোহেল রানাকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লাকান্দি ইউনিয়নে অবৈধ অস্ত্র ও বোমার মজুদ থাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। গত ২০ দিনে দফায় দফায় সংঘর্ষে গুলিবিনিময়ে তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসব ঘটনায় একাধিক মামলা হলেও চিহ্নিত সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
সেনাবাহিনী জানিয়েছে, জেলায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সন্দেহজনক কোনো কার্যকলাপ নজরে এলে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

