লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দলের প্রতি অভিমান করে জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় জর্জরিত এসব নেতাকর্মী দলের দুঃসময়ে পাশে থাকলেও ৫ আগস্টের পর অবমূল্যায়নের অভিযোগ এনে দলত্যাগ করেন।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীরা জানান, বিগত সরকারের আমলে জামায়াতের রাজনীতি করার কারণে তারা বহু হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন। কিন্তু সরকার পরিবর্তনের পর দলের পক্ষ থেকে তাদের কোনো খোঁজ নেওয়া হয়নি।
সদ্য বিএনপিতে যোগ দেওয়া ছাত্রশিবির কর্মী মেহেদী হাসান নিশাত বলেন, ‘দীর্ঘদিন ছাত্রশিবিরের কর্মী ছিলাম। আওয়ামী লীগ সরকারের সময় আমার বিরুদ্ধে ৫টি মামলা হয়। কিন্তু গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর জামায়াতের কোনো নেতাকর্মী আর আমাকে চেনে না, দেখা হলেও কথা বলে না। অথচ আমার সব মামলার জামিনের ব্যবস্থা করেছেন বিএনপির নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তাই কৃতজ্ঞতা ও আস্থার জায়গা থেকে আমি বিএনপিতে যোগদান করেছি।’
আরেক জামায়াত নেতা মনিরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার ছেলে ছাত্রশিবিরের কলেজ শাখার সেক্রেটারি ছিল। বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে ১৭টি মামলা হয়। জামায়াতের রাজনীতি করতে গিয়ে আমি এখন প্রায় সর্বস্বান্ত। কিন্তু সুদিন আসার পর দলের নেতারা ত্যাগী কর্মীদের কোনো মূল্যায়ন করেনি। তাই বাধ্য হয়ে বিএনপিতে যোগ দিলাম।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, ‘আমরা দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার আদর্শে বিশ্বাসী। যারা জামায়াত থেকে বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের দলে যোগদান করেছেন, তাদের স্বাগত জানাই।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

