বন্যা, নদীভাঙন আর অনিশ্চিত আবহাওয়ার সঙ্গে নিত্য লড়াই করেই টিকে থাকতে হয় কুড়িগ্রামের চরবাসীকে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরাঞ্চলের কৃষিতে যখন নানা সংকট দেখা দিচ্ছে, তখন ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা বালুচরে নতুন স্বপ্ন দেখাচ্ছে বাদাম চাষ।
ধান বা ভুট্টার চেয়ে কম খরচে বেশি লাভের সুযোগ থাকায় চরাঞ্চলের কৃষকদের কাছে এখন প্রধান ভরসা হয়ে উঠেছে এই ফসল। খরাসহনশীল ও কম রসে জন্মানোর কারণে চিলমারী, অষ্টমীর চর ও নয়ারহাট ইউনিয়নের দ্বীপচরগুলোতে দ্রুত সম্প্রসারিত হচ্ছে বাদামের আবাদ।
চিলমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১ হাজার হেক্টর জমিতে বাদাম আবাদ হয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, এক বিঘা (স্থানীয় মাপে ৬২ শতাংশ) জমিতে বাদাম চাষে বীজ লাগে প্রায় ৩০ থেকে ৩৫ কেজি। মাত্র তিন মাসের মধ্যেই ফসল ঘরে তোলা যায়। চলতি মৌসুমে প্রতি বিঘায় ২০ থেকে ২৫ মণ পর্যন্ত ফলন পাচ্ছেন কৃষকরা। বর্তমানে বাজারে প্রতি মণ বাদাম ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
কৃষকদের দেওয়া তথ্যানুযায়ী, সার, বীজ ও শ্রমিকসহ এক বিঘায় বাদাম চাষে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। আর উৎপাদিত ফসল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ হাজার টাকায়। অর্থাৎ খরচের দ্বিগুণ লাভ থাকছে কৃষকের ঘরে।
চাষি শওকত আলী বলেন, ‘চরের বালু মাটিতে অন্য কোনো ফসল তেমন টেকে না। আমি ২০ বছর ধরে বাদাম চাষ করছি। এ বছর এক একর জমিতে আবাদ করেছি। আল্লাহ চাইলে খরচের অর্ধেকই লাভ থাকবে।’
লাভজনক হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে বাদাম চাষেও। কৃষকরা বলছেন, আগের মতো এখন আর ফলন হচ্ছে না। নয়ারহাট এলাকার বাদামচাষি আকছেদ প্রামাণিক বলেন, ‘১৫ বছর ধরে বাদাম চাষ করি। কিন্তু এখন আর আগের মতো ফলন পাই না। দেড় মাস গেলেই বালুর রস শুকিয়ে যায়, পাতা মরে যায় এবং বাদাম নষ্ট হয়ে যায়।’
এ বিষয়ে নদী ও জলবায়ু বিষয়ক গবেষক ড. সাদ কাশেম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব চরাঞ্চলে সবচেয়ে দ্রুত দৃশ্যমান হচ্ছে। নদীগুলোর গভীরতা কমে যাওয়ায় বর্ষায় চরে প্রচুর বালি জমে। পানি নেমে গেলে এই বালু আর রস ধরে রাখতে পারে না। ফলে রসের অভাবে বাদামসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এমন অনিশ্চিত পরিস্থিতিতেও বাদামই কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছে।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ‘তাপমাত্রা বৃদ্ধির ফলে নদীর পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং জমি দ্রুত রসহীন হয়ে পড়ছে। এতে ফলন কিছুটা কমছে। চরের কৃষকেরা সাধারণত জমিতে সেচ দেন না। অথচ মাসে অন্তত একবার সেচ দিলে ফলন অনেক বেড়ে যাবে।’
তিনি আরও বলেন, আমরা কৃষকদের জলবায়ু-সহিষ্ণু ও উন্নত জাতের বাদাম চাষে উৎসাহিত করছি। বিশেষ করে ‘বারি চিনাবাদাম-৯’ এবং স্বল্প রসে চাষযোগ্য ‘বিনা বাদাম-৬’ ও ‘বিনা বাদাম-৮’ জাতগুলো চরাঞ্চলের জন্য উপযোগী। এতে সেচ ও সময় কম লাগে, কিন্তু উৎপাদন বেশি হয়। কৃষকরা রংপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট অথবা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এসব বীজ সংগ্রহ করতে পারেন।

