Image description

নাটোরের লালপুরে মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৯) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার লালপুর ফিলিং স্টেশনের সামনের ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম রেজার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আশরাফুল ইসলাম তার মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার জন্য লালপুর ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিলেন। পথে ব্রিজের ওপর পৌঁছালে লালপুর অভিমুখী একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তরুণ।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। এদিকে, দুর্ঘটনার সময় আশরাফুলের মা রুনিফা বেগম লালপুর বাজারে যাচ্ছিলেন। পথে জটলা দেখে এগিয়ে গিয়ে তিনি নিজেই ছেলের নিথর দেহ শনাক্ত করেন। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/ডিআর