Image description

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে সৃজন কুমার (৬) ও বৃন্দা রানী (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা এলাকার কদমতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৃজন কুমার ওই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে এবং বৃন্দা রানী একই গ্রামের বিধান চন্দ্র দাসের মেয়ে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে শিশু দুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় পুকুর পাড়ে জাম পাড়তে গিয়ে অসাবধানতাবশত তারা স্থানীয় সবির মিয়ার পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুদের পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ শিশুদের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর