সরকারি নিষেধাজ্ঞা শেষে দীর্ঘ ৬৫ দিন পর নতুন আশায় পদ্মায় ফিরেছিলেন মুন্সীগঞ্জের জেলেরা। ভরা মৌসুমে জালে উঠবে ঝাঁকে ঝাঁকে ইলিশ—এমন স্বপ্ন থাকলেও বর্তমানে পদ্মায় ইলিশের আকাল চলছে। এতে চরম হতাশ হয়ে পড়েছেন জেলে ও মাছ ব্যবসায়ীরা।
নিষেধাজ্ঞা শেষে পদ্মা ও চাঁদপুরের মোহনায় জাল ফেলেও কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় মাওয়া আড়ত ও শ্রীনগর বাজারে ইলিশের সরবরাহ অনেক কমে গেছে। ফলে বাজারে ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। সরেজমিনে মাওয়া ঘাটের মাছের আড়তে গিয়ে দেখা যায়, আড়তগুলোতে আগের মতো বিকিকিনির ব্যস্ততা নেই। জেলেরা অলস সময় পার করছেন; কেউ জাল গুটিয়ে বসে আছেন, আবার কেউ জাল-দড়ি পরিষ্কার করছেন।
জেলেদের ভাষ্যমতে, প্রতি বছর সাগরে যাওয়ার আগে পদ্মায় জাল ছেড়ে প্রস্তুতি নিতে হয়। সে সময় ইলিশ ধরা পড়লে বোঝা যায় সাগরেও প্রচুর মাছ পাওয়া যাবে। কিন্তু এবার চিত্র ভিন্ন। মজিবুর নামে এক জেলে জানান, তিনি ধারদেনা করে জাল, জ্বালানি ও অন্যান্য সরঞ্জাম কিনেছিলেন এই আশায় যে মাছ বিক্রি করে ঋণ শোধ করবেন। কিন্তু নদীতে মাছ না পাওয়ায় এখন তেলের খরচই উঠছে না।
আরেক জেলে আহমেদ আলী বলেন, \"অনেক আশা নিয়ে নদীতে গিয়েছিলাম, কিন্তু জালে ইলিশ উঠছে না। নৌকার তেল, বরফ আর শ্রমিকের খরচ মেটাতেই হিমশিম খাচ্ছি। সারাদিন জাল ফেলে সামান্য যে মাছ পাচ্ছি, তা দিয়ে পরিবার চালানোই কঠিন হয়ে পড়েছে।\"
মাওয়া পদ্মাপাড়ের ট্রলার মালিক মোখলেছুর রহমান জানান, তাঁর ৩টি মাছ ধরার ট্রলার রয়েছে। তিনি বলেন, \"অন্যান্য বছর অভিযান শেষে প্রচুর মাছ ধরা পড়ত। এবার গত বছরের তুলনায় ১০ ভাগের এক ভাগ মাছও জালে উঠছে না। মহাজনের দাদনের টাকা কীভাবে শোধ করব আর পরিবারই বা কীভাবে চালাব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।\"
এদিকে আড়তদার ও ব্যবসায়ীরা জানান, সরবরাহ কম থাকায় ইলিশের দাম আকাশচুম্বী। অধিকাংশ ক্রেতার সামর্থ্য না থাকায় তারা ইলিশের বিকল্প হিসেবে পাঙাশের দিকে ঝুঁকছেন। ফলে মাওয়া ও শ্রীনগর বাজারে পাঙাশের চাহিদা ব্যাপক বেড়েছে। ৮ থেকে ২০ কেজি ওজনের পাঙাশগুলো আকারভেদে প্রতি কেজি ৩৫০ থেকে ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আড়ত মালিকদের তথ্যমতে, গত বছরের তুলনায় ইলিশের সরবরাহ প্রায় ১০ শতাংশে নেমে এসেছে। ভরা মৌসুমে এমন আকাল দীর্ঘস্থায়ী হলে জেলে পরিবারগুলোতে বড় ধরনের সংকটের আশঙ্কা করা হচ্ছে।
ডিআর

