পদ্মার বুকে জেগে ওঠা ধূ ধূ চর। চারদিকে নদীর টলটলে জল, বিস্তীর্ণ সবুজ আর খোলা আকাশ। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্যের টানে প্রতিদিনই রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিডলচরে (যা এখন ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত) ছুটছেন শত শত মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে পরিচিত হয়ে ওঠা এই চরটি এখন রাজশাহী অঞ্চলের মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় ভ্রমণস্থল। নগরের মির্জাপুর মিজানের মোড় ডগার ঘাট থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকায় পদ্মা পেরিয়ে দর্শনার্থীরা যাচ্ছেন চরে।
তথ্যমতে, প্রতি শুক্রবার সেখানে দর্শনার্থীর সংখ্যা প্রায় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ছাড়িয়ে যায়। সপ্তাহের অন্য দিনেও গড়ে ৫০০ থেকে ৮০০ জন পর্যটক থাকছেন। কিন্তু পর্যটকের এই ঢল যত বাড়ছে, ততই সামনে আসছে নতুন নতুন সমস্যা। বিশেষ করে নারী ও শিশুর নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা, ড্রোনের অবাধ ব্যবহার, বসতবাড়িতে অনধিকার প্রবেশ, কৃষিজমি ও গবাদিপশুর ক্ষতি, বর্জ্য এবং নৌযাত্রার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বর্তমানে ডগার ঘাট থেকে মিডলচরে যাতায়াতে ১০ থেকে ১২টি নৌকা নিয়মিত চলাচল করছে। জনপ্রতি ভাড়া ৬০ টাকা এবং চরে পৌঁছাতে সময় লাগে মাত্র ১০ থেকে ১২ মিনিট। ডগারঘাটের ইজারাদার শাফিন আহমেদ জানান, ছুটির দিনগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে।
স্থানীয়দের অভিযোগ, বিপুলসংখ্যক মানুষের সমাগমে স্থানীয় নারী ও শিশুদের স্বাভাবিক চলাচলে চরম অস্বস্তি তৈরি হচ্ছে। অনেক দর্শনার্থী নিয়ম-নীতির তোয়াক্কা না করে স্থানীয়দের বসতবাড়ির ভেতরেও ঢুকে পড়ছেন। অপরিচিত মানুষের এমন অবাধ চলাচলে পরিবারগুলোর মধ্যে নিরাপত্তাহীনতা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর সঙ্গে নতুন আপদ হিসেবে যুক্ত হয়েছে ড্রোন ক্যামেরার ব্যবহার। দর্শনার্থীদের কেউ কেউ আকাশে ড্রোন উড়িয়ে চর ও আশপাশের এলাকার ভিডিও ধারণ করছেন।
স্থানীয়দের দাবি, ড্রোন অনেক সময় ঘরবাড়ি ও ব্যক্তিগত পরিসরের ওপর দিয়ে উড়ে যায়। বিশেষ করে নারীরা নদীতে গোসলের সময় কিংবা ছাদবিহীন টয়লেট ব্যবহারের সময় ড্রোনের উপস্থিতিতে অত্যন্ত বিব্রত ও অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা গিয়াসউদ্দিন (৭৫) বলেন, ‘আমরা চাই মানুষ ঘুরতে আসুক, আমাদের এলাকার সৌন্দর্য দেখুক। কিন্তু আমাদের পরিবার ও মা-বোনদের নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিও তো দেখতে হবে। ড্রোন দিয়ে বাড়িঘর ও মানুষের ছবি তোলা হলে আমরা খুব অস্বস্তি বোধ করি।’
একই এলাকার মরিয়ম নেছা (৪৫) বলেন, ‘আমরা যখন গোসল করি বা টয়লেট ব্যবহার করি, তখন ড্রোনের মাধ্যমে ছবি তুলে নেওয়া হলে খুব অস্বস্তি হয়। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।’
তিনি আরও অভিযোগ করেন, অনেকে পানির তৃষ্ণা মেটানোর নাম করে সরাসরি ঘরের ভেতর ঢুকে পড়ছে, যা নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
শুধু নিরাপত্তা নয়, পর্যটকদের অনিয়ন্ত্রিত চলাচলে স্থানীয় কৃষি ও পশুপালন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় কৃষক লালন আহমেদ জানান, চরে বছরে একবার তারা কালাই ফসল ফলান, কিন্তু মানুষের ভিড়ে এবার ফসল রক্ষা করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। গবাদিপশু পালনকারী ইব্রাহিম হোসেন বলেন, ‘আমাদের প্রধান জীবিকা গরু-ভেড়া পালন। কিন্তু দর্শনার্থীদের কারণে চরের ঘাস নষ্ট হচ্ছে। অনেকে গরুর সঙ্গে ছবি তুলতে গিয়ে সেগুলোকে তাড়িয়ে বেড়ান। এছাড়া চিপসের প্যাকেট, প্লাস্টিক ও পলিথিন যত্রতত্র ফেলায় পরিবেশ ও পশুর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।’
মিডলচরের সরদার লুৎফর রহমান এবং দর্শনার্থী মুমিনুল ইসলামও স্থানীয়দের এই অভিযোগের সত্যতা নিশ্চিত করে পর্যটন ব্যবস্থাপনায় শৃঙ্খলার দাবি জানিয়েছেন। মুমিনুল ইসলাম বলেন, অনেক তরুণ ড্রোন দিয়ে ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলার চেষ্টা করেন, যা নিয়ন্ত্রণ করা জরুরি।
জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন বলেন, ‘অনুমতি ছাড়া কেউ ড্রোন ক্যামেরা ব্যবহার করলে রাজশাহী সিটি করপোরেশন ও পবা প্রশাসন যৌথভাবে ব্যবস্থা নেবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া নারীদের নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় পুলিশ সজাগ রয়েছে। অনুমতি ছাড়া কারও বাড়িতে প্রবেশ বা হয়রানির অভিযোগ পেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ভরা মৌসুমে নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে লাইফ জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক করার জন্য মাঝিদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাছমিনা খাতুন চরের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্য না ফেলতে এবং পরিকল্পিত পর্যটন গড়ে তুলতে পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন।
স্থানীয়দের প্রত্যাশা, পদ্মার বুকের এই অপার সৌন্দর্য রক্ষা এবং পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নির্দিষ্ট নিয়মনীতি প্রণয়ন ও নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।
ডিআর

