গাজীপুর মহানগরীর পূবাইলে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়ন (এসআরবি)-১, সিপিএসসি, গাজীপুর।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে পূবাইল থানাধীন ফিলগাঁও এলাকার খোকন ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে বন্ধন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার পূর্ব কলাবান্দা বেপারীপাড়া এলাকার আরিফুল ইসলাম (২৮) ও মো. সজিব (২৮)। তারা দুজনই বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক উত্তরপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।
এসআরবির এজাহার সূত্রে জানা যায়, শনিবার দিবাকালীন টহল পরিচালনার সময় বিকেল ২টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে, মাদক ব্যবসায়ীরা যানবাহনে করে ভৈরব থেকে গাজীপুর চৌরাস্তার দিকে গাঁজা নিয়ে আসছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিকেল ৩টা ৩৫ মিনিটে পূবাইলের ফিলগাঁও এলাকায় খোকন ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়।
এরপর বিকেল ৪টা ৫ মিনিটের দিকে গাজীপুর চৌরাস্তার অভিমুখে যাওয়া বন্ধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির ইঞ্জিন বক্সের ওপর বসে থাকা দুই যুবকের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরে তাদের দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে, বাসের মালামাল পরিবহনের বক্সে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে বিশেষ কৌশলে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, উদ্ধার করা গাঁজার মধ্যে আরিফুল ইসলামের কাছ থেকে ৫ কেজি এবং সজিবের কাছ থেকে ৫ কেজি গাঁজা পাওয়া যায়। প্রতি কেজি গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ হাজার টাকা হিসেবে উদ্ধার করা ১০ কেজি গাঁজার মোট মূল্য প্রায় ৩ লাখ টাকা। এ ছাড়া তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে এসআরবি-১ গাজীপুরের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ মানবকণ্ঠকে জানান, অভিযান শেষে গ্রেপ্তার দুজনকে মাদকসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পূবাইল থানা পুলিশ।
এসএ

