‘করব সমবায়, গড়ব দেশ; সমবায়ভিত্তিক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (০৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় সমবায়ের গুরুত্ব ও দেশের অর্থনীতিতে এর ভূমিকা সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রশিদ এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।
সভায় বক্তারা দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও টেকসই আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায় আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন। সমবায়ের মূল চেতনাকে ধারণ করে দেশের কৃষি ও উৎপাদনমুখী খাতকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সমবায় সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

