পটুয়াখালীর কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় ডা. নাবিলা তাবাসসুম (৩২) নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় কুয়াকাটা-সংলগ্ন আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডা. নাবিলা তাবাসসুম বরিশাল সদর উপজেলার বাসিন্দা ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী। তিনি ঢাকার পিজি হাসপাতালের প্যাথলজি বিভাগের এমডি রেসিডেন্ট ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ এবং আরও দুই সহকর্মীকে নিয়ে ঢাকার আদাবর থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। তাঁরা একটি অভিজাত আবাসিক হোটেলে ওঠেন। শনিবার বিকেলে তাঁরা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার ঘুরতে যান।
সন্ধ্যার পর সেখান থেকে ইজিবাইকে করে কুয়াকাটায় ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায় এবং একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নাবিলার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. ইলিয়াস তালুকদার বলেন, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এসএ

