‘করবো সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল্লাহ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা সাবিরা খানমসহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সমবায় খাতের উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় অর্থনীতিতে সমবায়ের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। একটি স্বাবলম্বী ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এসএ

