হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—যশোর জেলার শার্শা থানার শ্রীকোনা গ্রামের মো. রবিউল হোসেনের ছেলে মুজাহিদ (২৪), যশোর জেলার চৌগাছা থানার হিজলী গ্রামের হযরত আলীর ছেলে য়োবায়ের (১৮) এবং সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর (হেমায়েত পাড়া) গ্রামের আবুল হোসেনের ছেলে মারুফ আহমদ (১৯)। এছাড়া পালিয়ে যাওয়া পলাতক আসামি হিসেবে সিলেটের কোতোয়ালি থানার উপশহর এলাকার সুদাংশুর ছেলে শুভ দাশের (৪৫) নাম উল্লেখ করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুরে তাদের হবিগঞ্জ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশের একটি দল উপজেলার জগদীশপুর গোলচত্বরে অবস্থান নেয়। পরবর্তীতে সকাল ৯টা ৫০ মিনিটে তথ্য আসে যে, সিলেটের দিক থেকে একটি হলুদ রঙের ট্রাকে করে ভারতীয় জিরা ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ ট্রাকটির গতিবিধি অনুসরণ করতে শুরু করে।
সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় অবস্থিত ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে ট্রাকটির গতিরোধ করা হয়। এ সময় ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তিনজনকে হাতেনাতে আটক করে। তবে এ ঘটনায় একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জিরাগুলো অবৈধভাবে পরিবহনের দায়ে ট্রাকটিসহ সমস্ত জিরা জব্দ করা হয়েছে। রোববার দুপুরে পুলিশ গ্রেপ্তারকৃতদের হবিগঞ্জ আদালতে সোপর্দ করেছে।
এ ঘটনায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক ও মামলার বাদী সুখেন্দ্র সরকার জানান, আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধ পন্থায় ভারতীয় জিরা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় পরিবহন করছিলেন। এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি ও ২৫-ডি ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
এসএ

