হবিগঞ্জের মাধবপুরে ৩৬ কেজি গাঁজাসহ উজ্জ্বল মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় তাঁর এক সহযোগী পালিয়ে যায়।
রোববার (৮ নভেম্বর) রাত ২টা ৫ মিনিটে উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের একটি পুকুরপাড়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল কৃষ্ণপুর গ্রামের ওই পুকুরপাড়ে অভিযান চালায়। এ সময় দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টাকালে দুই ব্যক্তির মধ্যে একজনকে আটক করা হয়। অপর ব্যক্তি একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে মোট ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার উজ্জ্বল মিয়া কৃষ্ণপুর গ্রামের মহধর আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি ও তাঁর পলাতক সহযোগী সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তি ও তাঁর পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ

