বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভায় বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (০৮ নভেম্বর) দুপুর ১২টায় পৌর শহরের সাইলো রোড থেকে তারাপুর এবং তারাপুর প্রধান সড়ক থেকে কাজিপুর মসজিদ পর্যন্ত সড়ক দুটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রকল্প সূত্রে জানা যায়, সাইলো রোড থেকে তারাপুর পর্যন্ত ৫৫৩ মিটার আরসিসি সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ২৮৫ টাকা। অন্যদিকে তারাপুর প্রধান সড়ক থেকে কাজিপুর মসজিদ পর্যন্ত ২৪৩ মিটার সড়ক নির্মাণে ব্যয় হবে ৪৪ লাখ ৭৭ হাজার ৭০৭ টাকা। সড়ক দুটি নির্মাণে সর্বমোট ব্যয় হচ্ছে ২ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ৯৯২ টাকা।
সান্তাহার পৌরসভার প্রশাসক মাসুমা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আক্তারুজ্জামান মিঠু, সহসভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম দিলদার আলম জুয়েল ও মামুনুর রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আমল, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর মহিলা দলের সভাপতি মুক্তা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ, বীর বিক্রম লেফটেন্যান্ট শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম শাহরিয়ার, ছাত্রনেতা ফাহমিদ, সংশ্লিষ্ট ঠিকাদার জামিল আহসানসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

