‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (০৮ নভেম্বর) সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা ঘটে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের কোনো বিকল্প নেই। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হলে সমবায়ভিত্তিক অর্থনৈতিক উদ্যোগগুলোকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার কামরুজ্জামান বলেন, সমবায় সমিতির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। এ সময় তিনি সমবায় আইন মেনে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে সমিতি পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

