সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার চক্রের অন্যতম হোতা ও বিষ সরবরাহকারী মো. সেলিম মিয়া (৫২) গ্রেপ্তার হয়েছেন। গত রাতে মোংলা শহর থেকে তাঁকে আটক করে দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরার জন্য দাকোপ, মোংলা ও চিলা এলাকার জেলেদের কাছে গোপনে বিষ সরবরাহ করে আসছিলেন সেলিম মিয়া। তাঁর সরবরাহ করা বিষ প্রয়োগ করে সুন্দরবনের মাছ, কাঁকড়া, চিংড়িসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন করা হচ্ছিল। এতে সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।
এর আগে গত ২ নভেম্বর দাকোপে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় বনরক্ষীরা বাধা দিলে তাঁদের ওপর দা নিয়ে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় বন বিভাগের দায়ের করা মামলায় গতকাল জয়মনি এলাকা থেকে সোহেল শেখ ও লাইজু বেগমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সোহেল ও লাইজু বিষের উৎস হিসেবে সেলিম মিয়ার নাম জানান। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোংলায় অভিযান চালিয়ে বিষ সরবরাহকারী সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
এ বিষয়ে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘বিষ বিক্রি ও বিষ দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িত সবাইকে সতর্ক করা হয়েছে। সুন্দরবনে এ অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। সুন্দরবন ধ্বংস করে যারা মাছ ধরছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, সুন্দরবন রক্ষায় বন বিভাগ, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান আরও জোরদার করা হবে। বিষ বিক্রেতা থেকে শুরু করে বিষ প্রয়োগকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।
বিশেষজ্ঞদের মতে, সামান্য পরিমাণ কীটনাশকও জলজ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। বিষ প্রয়োগের ফলে একটি খালের বিস্তীর্ণ এলাকার মাছ, চিংড়ি, কাঁকড়া, শামুকসহ বিভিন্ন জলজ প্রাণী মারা যেতে পারে। বিষাক্ত মাছ খাদ্য হিসেবে গ্রহণ করলে মানুষের স্বাস্থ্যের জন্যও গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে স্থানীয় জেলেরা এ গ্রেপ্তারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, বিষ প্রয়োগ করে মাছ ধরার কারণে নদীতে বৈধভাবে মাছ আহরণকারী জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এ চক্রের কার্যক্রম বন্ধ হলে সুন্দরবনের জলজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
এসএ

