দিনাজপুরের বিরল সীমান্তে রাতভর বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক দুটি অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ ও ৫০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মোট বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার টাকা।
রোববার (৮ নভেম্বর) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদকের অবৈধ প্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৭ নভেম্বর দিবাগত রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবির অধীন ধর্মজান ও মৌচোষা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ এবং ৫০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি জব্দ করা মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি স্পষ্ট করে বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স বা অত্যন্ত কঠোর। সীমান্তকে সম্পূর্ণ নিরাপদ ও মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। সীমান্ত সংক্রান্ত অপরাধে জড়িত কোনো ব্যক্তি বা চক্রকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”
ডিআর

