\"করব সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ\"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার নাগরী ইউনিয়নের কুচিলাবাড়ী এলাকার কালব রিসোর্ট এন্ড কনভেনশন হলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম। এর আগে সমবায়ীদের নিয়ে একটি বর্ণাঢ্য ও আকর্ষণীয় র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান।
জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর জেলার জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া (এনডিসি), উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার এবং সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব)-এর চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরিফিকেশন, কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি)-এর সভাপতি নায়েবুর রহমান (ভিপি মাসুদ), চুয়ারিয়াখোলা (উঃ) কো-অপারেশন ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর সভাপতি মো. নূরুল ইসলাম, মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর সেক্রেটারি সানজিতা রোজারিও এবং নাগরী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ভাইস চেয়ারম্যান মি. উজ্জল ডেনিস রোজারিও প্রমুখ।
বক্তারা সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, সমবায় আন্দোলন দেশের গ্রামীণ অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই সমাজ উন্নয়ন এবং স্বনির্ভরতা অর্জন সম্ভব।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান ও শ্রেষ্ঠত্ব অর্জনকারী সমবায়ী ও প্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
ডিআর

