“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যার মধ্যে রয়েছেন—প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ইমরান হোসেন, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি লতিফ পান্না, পাঁচতারা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আফসার উদ্দিন এবং পীরগাছা থানগানী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মার্টিন মৃ।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সমবায় হলো সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। একটি স্বনির্ভর, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা অংশ নেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিয়া সুলতানা ও সমবায় সমিতির সহকারী পরিদর্শক মো. মাজহারুল ইসলাম। আলোচনা সভা শেষে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ডিআর

