“করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের পতাকা মঞ্চে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র্যালি শেষে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিদ্ধার্থ সরকার, উপজেলা এনসিপির সভাপতি মো. মিজানুর রহমান, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান শাহ জামান চৌধুরী লরে, অ্যাডভোকেট ফকির ফরহাদ হোসেন এবং সমবায়ী শেখ মোদাশ্বের আলী, খান গোলাম মুর্শিদ ও শেখ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তাগণসহ ‘প্রবাহ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’, ‘নবজীবন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’, ‘আস্থা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’-সহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় সমবায়ীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
ডিআর

