গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ মাদক কারবারিদের কাছে কার্যত জিম্মি হয়ে পড়েছেন। প্রতিদিন সন্ধ্যার পর এলাকায় বসে মাদক বেচাকেনার হাট। এতে বাধা বা প্রতিবাদ করতে গেলেই হামলার শিকার হতে হয় স্থানীয়দের। মাদকসেবী ও কারবারিদের নানা হুমকি ও উৎপাতে কেউ এখন আর প্রকাশ্যে মুখ খোলার সাহস পাচ্ছেন না। তাদের হামলায় ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বোয়ালী ইউনিয়নের রঘুনাথপুর, বোয়ালী বাজার এলাকা ও বান্ধর মার্কেটসহ আশপাশের কয়েকটি গ্রাম এখন মাদকের উন্মুক্ত বাজারে পরিণত হয়েছে। দিনে গোপনে এবং সন্ধ্যার পর প্রকাশ্যে বসে মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের জমজমাট হাট। কারবারিরা মূলত তরুণ ও যুবসমাজকে লক্ষ্য করেই এই কারবার চালাচ্ছে। ফলে স্কুল-কলেজের উঠতি বয়সের কিশোররাও মাদকের নেশায় জড়িয়ে পড়ছে। এছাড়া শ্রমিক, অটোরিকশাচালক ও রিকশাচালকরাও এর নিয়মিত ক্রেতা। এতে স্থানীয় অভিভাবকরা চরম উদ্বেগ ও বিপাকে পড়েছেন। মাদকসেবীদের বেপরোয়া উৎপাতের কারণে স্কুল-কলেজগামী ছাত্রীরাও রাস্তাঘাটে নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
এলাকাবাসীর আরও অভিযোগ, মাদক কারবারিদের সাথে স্থানীয় পুলিশের একাংশের যোগসাজশ রয়েছে। অনেক সময় চিহ্নিত কারবারিদের হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হলেও রহস্যজনক কারণে তারা দ্রুত ছাড়া পেয়ে যায়। অনেকে জেল থেকে বেরিয়ে আরও বেপরোয়া হয়ে দ্বিগুণ শক্তিতে একই ব্যবসায় জড়িয়ে পড়ছে।
কিছুদিন আগে রঘুনাথপুর বাজারে মোটরসাইকেলসহ জসীমউদ্দিন নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করে স্থানীয় জনতা। পরে বিক্ষুব্ধ লোকজন তাকে মারধরের পর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পুলিশে সোপর্দ করে। কিন্তু কিছুদিনের মধ্যেই সে জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। স্থানীয়রা জানায়, ওই জসীমের সাথে রঘুনাথপুর এলাকার জোরান পাল ও দুলাল পাল নামের দুই কারবারি বেপরোয়া হয়ে উঠেছে। তারা বিভিন্ন অঞ্চল থেকে মাদকের চালান এনে এলাকায় সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে কেউ টু শব্দটি করলে লাঞ্ছিত বা হামলার শিকার হতে হয়। বর্তমানে এ দুজনকে এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয়রা।
এদিকে মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে রক্ষায় স্থানীয় তরুণরা গড়ে তুলেছেন ‘সচেতন তরুণ ছাত্র জনতা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের সদস্য সোহেল রানা জানান, “আমাদের এলাকায় ৪০ থেকে ৫০ জন চিহ্নিত মাদক কারবারি রয়েছে, যাদের মধ্যে নারীরাও জড়িয়ে পড়েছে। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছি এবং অনেককে হাতেনাতে ধরে থানা ও ফাঁড়ি পুলিশকে জানিয়েছি। কিন্তু তাদের নেটওয়ার্ক এত বড় এবং প্রভাবশালী যে কাজের কাজ কিছুই হচ্ছে না।”
বোয়ালী ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য তাহমিনা আক্তার বলেন, “মাদক কারবারিদের দমন করতে আমরা অনেক চেষ্টা করেছি। ধরে পুলিশের হাতে তুলে দিলেও কয়েক দিনের মাথায় তারা ছাড়া পেয়ে যায়। কাউকে তারা পরোয়া করে না। তাদের বিরুদ্ধে কথা বললেই টার্গেট করে হুমকি দেওয়া হয়। পুরো ইউনিয়নবাসী আজ তাদের কাছে জিম্মি।”
রঘুনাথপুর এলাকার বাসিন্দা লিয়াকত হোসেন বলেন, “মাদকের ছোবলে এলাকার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। জোরান পাল ও দুলাল পাল এখন এলাকার ত্রাস হিসেবে পরিচিত। সন্ধ্যার পর বিভিন্ন স্পটে তাদের আড্ডা বসে। প্রতিবাদ করতে গেলে তারা মারধর করে। এদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এলাকায় মাদকের বিস্তার ও কারবারিদের তৎপরতার বিষয়ে ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং অনেককেই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় জনগণও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করছে। মাদক কারবারিদের পুরোপুরি নির্মূল ও নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

