মাত্র ১৯ বছর বয়স। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত গ্রামে। পরিবারের মুখে একটু হাসি ফোটাতে জীবিকার তাগিদে মোংলায় এসে কার্গো জাহাজে স্কটম্যানের চাকরি নিয়েছিলেন সাবিত খান। কিন্তু সেই পশুর নদীই কেড়ে নিল তার প্রাণ।
রোববার (৮ নভেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে মোংলার বাগেরহাট জেটি ঘাটে পশুর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।
প্রত্যক্ষদর্শী ও জাহাজের স্টাফরা জানান, দুপুরে কাজের ফাঁকে প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে জেটির পাশে নদীতে গোসল করতে নামেন সাবিত। প্রথমে সব ঠিকই ছিল। হঠাৎ করেই পশুর নদীর তীব্র স্রোতের টানে তিনি তলিয়ে যেতে থাকেন।
সাথে থাকা সহকর্মীরা চিৎকার করে, হাত বাড়িয়ে ধরার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। চোখের পলকে সবার সামনে থেকে হারিয়ে যায় ১৯ বছরের তরতাজা প্রাণটি।
সাবিত খান (১৯) চাঁপাইনবাবগঞ্জের এক দরিদ্র পরিবারের সন্তান। বাবা দিনমজুর, মা গৃহিণী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে হিসেবে মাত্র কয়েক মাস আগে মোংলা বন্দরে একটি কার্গো জাহাজে স্কটম্যান (জাহাজের মালামাল পাহারাদার) হিসেবে কাজে যোগ দিয়েছিলেন।
সহকর্মী এক নাবিক বলেন, \"সাবিত খুব ভালো ছেলে ছিল। সবসময় হাসিমুখে থাকতো। নামাজ পড়তো নিয়মিত। কাল রাতেও বলছিল, এই মাসের বেতন পাইলে মায়ের জন্য একটা শাড়ি কিনে পাঠাইবো।\"
ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে মোংলা কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পশুর নদীতে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
উদ্ধারকারী দলের সদস্যরা জানান, পশুর নদীতে এই সময়ে প্রচণ্ড স্রোত ও ঘোলা পানি থাকায় ডুবুরিদের কাজ করতে বেগ পেতে হচ্ছে। সোমবার সকাল থেকে আবারও জোয়ার-ভাটার হিসাব করে বিস্তৃত এলাকাজুড়ে তল্লাশি চালানো হবে।
মোংলা কোস্ট গার্ড দৈনিক মানবকণ্ঠকে বলেন, \"আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি। কোস্টগার্ডের স্পিডবোট দিয়ে আশপাশের চর ও খালগুলোতেও খোঁজা হচ্ছে।\"
সাবিতের নিখোঁজের খবর চাঁপাইনবাবগঞ্জে পৌঁছাতেই পরিবারে কান্নার রোল পড়ে যায়। তার মা বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। পরিবারের লোকজন মোংলার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় মোংলা বন্দর ও জেটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, পশুর নদীতে গোসল করতে নেমে এভাবে প্রাণহানি নতুন নয়। জেটি এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড ও লাইফ জ্যাকেটের ব্যবস্থা থাকলে হয়তো সাবিতকে বাঁচানো যেত।
ডিআর

