রাঙামাটির কাপ্তাইয়ে ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫ম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৬। ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকাবৃন্দের উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় ও মাঙ্গলিক কর্মসূচির মধ্য দিয়ে উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়।
জুরিক্কলাল তনচংগ্যার (জটিল) স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং আনন্দ জয় তনচংগ্যা অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিলাইছড়ি সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অনাথ পিতা কর্মবীর ভদন্ত দেবতিষ্য থের। ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃপাঞঞানন্দ থেরের উদ্বোধনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভদন্ত ক্ষেমানন্দ ভিক্ষু। এতে বিশেষ অতিথি ছিলেন জুমপাড়া সর্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিলংকার ভিক্ষু।
সমবেত পুণ্যার্থীদের উদ্দেশে বিশেষ সদ্ধর্মদেশনা প্রদান করেন বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও পালবার লিং সেন্টার বাংলাদেশের অর্থ সম্পাদক ভদন্ত করুণা তিষ্য ভিক্ষু। এছাড়া অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা এবং বিশেষ দায়ক ছিলেন ৪নং কাপ্তাই ইউনিয়নের ১১৯ নং ভায্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।
দিনব্যাপী এই মহতী উৎসবে কাপ্তাইসহ রাঙামাটির বিভিন্ন প্রান্ত হতে শত শত পুণ্যার্থী ও দায়ক-দায়িকাবৃন্দ অংশ নেন। দিনভর নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি ঐতিহ্যবাহী কঠিন চীবর কল্পতরু সহকারে বিহার প্রাঙ্গণে প্রদক্ষিণ করা হয়। এ সময় পুণ্যার্থীদের ‘সাধু সাধু সাধু’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো বিহার এলাকা।
সার্বিক কর্মসূচির মধ্যে উপসম্পদা, পিণ্ডদান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ পূজা এবং নানাবিধ দান উৎসর্গ সম্পন্ন হয়। পরিশেষে প্রদীপ পূজা, আকাশ বাতি (ফানুস) উত্তোলন ও সমবেত প্রার্থনার মাধ্যমে বিশ্বশান্তি ও মানবজাতির পরম কল্যাণ কামনা করে এই মহতি উৎসবের সমাপ্তি ঘটে।
ডিআর

