পটুয়াখালীর কলাপাড়ায় খাইরুল ইসলাম (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত খাইরুল ওই গ্রামের মো. আলমগীর হাওলাদারের ছেলে এবং পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের কারণে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন। এ ছাড়া পারিবারিক নানা বিষয় নিয়ে তাঁর স্ত্রীর সঙ্গেও মনোমালিন্য চলছিল। তাঁদের দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে এবং পারিবারিক কলহের জেরে তাঁর স্ত্রী বর্তমানে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন।
নিহতের বাবা আলমগীর হাওলাদার জানান, স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য খাইরুল প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করতেন এবং বিভিন্ন সময় গালিগালাজ করতেন। গত শনিবার সন্ধ্যায় তিনি বাবার কাছে টাকা চান। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে খাইরুল ক্ষুব্ধ হয়ে ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন।
পরবর্তীতে রোববার পরিবারের সদস্যরা তাঁর কক্ষের দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তাঁরা ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে খাইরুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
ডিআর

