মাত্র ৫০০ টাকার বাজি! আর সেই সামান্য টাকার লোভে এক কেজি লবণ ও প্রায় ১৫০ গ্রাম সোডা খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ৭৫ বছর বয়সী বৃদ্ধ লক্ষণ চন্দ্র পাল। প্রতিবেশীদের দেওয়া বাজির প্রস্তাবে বিশ্বাস করে লবণ ও সোডা মিশ্রিত পানি পান করার পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন। হাতের কাছে যাকে পাচ্ছেন, তাকেই মারধর ও কামড় দিতে থাকেন। এমনকি নিজের পরিবারের সদস্যদেরও চিনতে পারছিলেন না তিনি। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শুক্রবার (৬ নভেম্বর) সকালে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর (পালপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় লক্ষণ চন্দ্র পালের ছেলে সুজিত চন্দ্র পাল জানান, তার বাবা অত্যন্ত সহজ-সরল প্রকৃতির মানুষ। প্রতিবেশী মিল্টন পাল ও পিয়াস পাল তাকে এক কেজি লবণ এবং প্রায় ১৫০ গ্রাম সোডা খেতে পারলে ৫০০ টাকা দেওয়ার প্রস্তাব দেন। তাদের কথায় বিশ্বাস করে বাবা একটি জগে পানি নিয়ে তাতে লবণ ও সোডা মিশিয়ে পান করেন।
সুজিত চন্দ্র পাল বলেন, এসব খাওয়ার কিছুক্ষণ পরই বাবার আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। হাতের কাছে যাকে পাচ্ছিলেন, তাকেই মারধর ও কামড় দিতে থাকেন। এমনকি পরিবারের সদস্যদেরও চিনতে পারছিলেন না। আমাকেও মারধর ও কামড় দিয়েছেন।
তিনি আরও জানান, শুক্রবার বিকেলে বাবাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই দিন রাতেই অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শ্বাসকষ্ট দেখা দিলে অক্সিজেন দেওয়া হয়। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে নিজে থেকে শ্বাস নিতে পারছেন না। চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে আইসিইউতে শয্যা খালি না থাকায় এখনো সেখানে ভর্তি করা সম্ভব হয়নি। শয্যার জন্য আবেদন করা হয়েছে। রোববার সন্ধ্যায় মাঝেমধ্যে ডাকলে তিনি সাড়া দিচ্ছিলেন বলেও জানান তার ছেলে।
সুজিত চন্দ্র পালের অভিযোগ, তার সহজ-সরল বাবাকে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার উদ্দেশ্যেই টাকার প্রলোভন দেখিয়ে এমন বিপজ্জনক কাজ করানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিল্টন পাল ও পিয়াস পালের বিরুদ্ধে সোমবার থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান তিনি।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, শুক্রবার বিকেল পাঁচটার দিকে স্বজনরা লক্ষণ পালকে জরুরি বিভাগে নিয়ে আসেন। অতিরিক্ত পরিমাণ লবণ ও সোডা খাওয়ার পর তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাকিম বলেন, লক্ষণ পাল অত্যন্ত সহজ-সরল মানুষ। বাজি ধরে তিনি লবণ ও সোডা খেয়েছেন বলে তিনি শুনেছেন। যারা তাকে এসব খাওয়ার বাজি ধরেছিলেন, তারাও তার প্রতিবেশী।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাত্র ৫০০ টাকার বাজিকে কেন্দ্র করে ঘটে যাওয়া এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি করেছে। সামান্য বিনোদন কিংবা বাজির ছলে কাউকে এমন ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দেওয়া যে কতটা বিপজ্জনক, লক্ষণ চন্দ্র পালের ঘটনা তারই এক মর্মান্তিক উদাহরণ।
এসএ

